Himanta Biswa Sarma

এক সশস্ত্র ভয়ঙ্কর মুখ্যমন্ত্রী

সম্পাদকীয় বিভাগ

 
আসা‍‌মের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মোটামুটি নিশ্চিত হয়ে গেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতায় ফেরা কার্যত অসম্ভব। গত পাঁচ বছরে তাঁর সরকারে যে রিপোর্ট কার্ড তা ভোটে জেতার পক্ষে যথেষ্ট নয়। কেন্দ্রে মোদী সরকারের দৌলতে কিছু কেন্দ্রীয় প্রকল্প জুটেছে বটে এবং কেন্দ্রীয় বরাদ্দ ও অন্যান্য অ-বিজেপি রাজ্যের তুলনায় অনেক বেশি মিললেও যোগ্যতা ও দূরদর্শিতার অভাবে তেমন কোনও সুফলদায়ী হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের চাপে কিছু কর্পোরেট সংস্থা বিনিয়োগের কথা বললেও শেষপর্যন্ত সেটা বাস্তব রূপ পাবে কি না, পেলেও কবে কতটা পাবে পুরোটাই অনি‍‌শ্চিত। এই অবস্থায় ভোট ময়দান থেকে জিতে আসার মতো পুঁজি কার্যত শূন্য। এরপর জিততে হবে, ফের মুখ্যমন্ত্রী হতে হবে। সর্বোপরি মোদী-শাহ-রাও বেপরোয়া ও মরিয়া। কোনও অবস্থাতেই আসাম‍‌কে হাতছাড়া করা যাবে না। আসাম খসে গেলে উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতেও বিজেপি’র ভবিষ্যৎ নড়বড়ে হয়ে যাবে। পশ্চিমবঙ্গে বিজেপি’র হাল আরও শোচনীয় হবে।
স্বাভাবিকভাবেই প্রবলতর চাপে আছেন হিমন্ত। সরকারের অযোগ্যতা-অপদার্থতা ছাড়াও দুর্নীতি ও জমি নিয়ে বিস্তর অনিয়মের অভিযোগে নাজেহাল অবস্থা। বিরোধীদের প্রশ্নবানে জর্জরিত হিমন্ত জবাবহীন। ক্ষুব্ধ বিরক্ত আসামের মানুষ। তার উপর নিজের স্ত্রী, পরিবারও জড়িয়েছে জমি কেলেঙ্কারিতে। এই গোটা বিষয়টা সামনে রেখে যদি ভোট হয় তাহলে হিমন্তের জন্য হতাশা ছাড়া কিছু পাবার নেই। অতএব, হিংসা, বিদ্বেষ, বিভাজনের আগুন জ্বালিয়ে আসামের স্নিগ্ধ শান্তিপূর্ণ সমাজকে লন্ডভন্ড করে দেওয়া গেলে তথাকথিত হিন্দু জোট ও অসমীয়া জোটের নামে ভোটে জেতার একমাত্র উপায়।
আরএসএস’র পরামর্শে, পরিকল্পনায় এবং প্রশিক্ষণে উগ্র ভারতীয় জাতীয়তাবাদ ও অসমীয়া জাতীয়তাবাদকে একমাত্র হাতিয়ার হিসাবে কাজে লাগাতে উঠে পড়ে নেমেছেন মুখ্যমন্ত্রী। এরজন্য তাঁর প্রধান টা‍‌র্গেট বাংলাভাষীরা এবং মুসলিমরা। দেশ ভাগ সহ নানা ঐতিহাসিক কারণে আসামে বাংলাভাষী মানুষের সংখ্যা এবং ধর্মীয়ভাবে মুসলিম মানুষের সংখ্যা বেশ কিছু অঞ্চলে বিশেষ করে নিম্ন আসামে উল্লেখযোগ্য। হিমন্ত এদের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিয়ে অসমীয়া হিন্দুদের এককাট্টা করতে চাইছেন। তাই বাংলাভাষী মানেই এবং মুসলিম মানেই বাংলাদেশি অনুপ্রবেশকারী এমন একটা বিশ্বাস বদ্ধমূল করার জন্য লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে। সরকারিভাবে বুলডোজার দিয়ে একের পর এক জায়গায় বি‍‌শেষত বাংলাভাষী মুসলিমদের জমিজমা, ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে। কারণে অকারণে পুলিশি হামলা হয়রানি চলছে নিয়মিত। মিঞা মুসলিম বলে বাংলাভাষী মুসলিমদের দাগিয়ে দিয়ে তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করছেন।
এতদিন এভাবেই চলছিল। এবার স্বয়ং মুখ্যমন্ত্রী হাতে বন্দুক নিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মুসলিমদের তাক করার ভিডিও প্রচার করেছে দলের রাজ্য অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে। অর্থাৎ বাংলাভাষীদের, মুসলিমদের কোনও ক্ষমা নেই, ছাড় নেই। হয় দেশছাড়া করতে হবে, নইলে গুলি করে মারা হবে। এক ভয়ানক গণহত্যার মানসিকতায় ভরপুর হয়েছে হিমন্তের নেতৃত্বে আসামের বিজেপি। ফ্যাসিস্ত হিটলারের মানসিকতাকেই মনে করিয়ে দিচ্ছে হিমন্তের আচরণ। অর্থাৎ বাংলাভাষী ও মুসলিমদের বিরুদ্ধে চরম ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে তিনি এতটাই বেপরোয়া যে হাতে আগ্নেয়াস্ত্র তুলে নিয়ে গণহত্যার ইন্ধন জোগাচ্ছেন হিন্দুত্ববাদীদের।

Comments :0

Login to leave a comment