গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল ও সংলগ্ন এলাকায় যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এটি বর্তমানে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পরবর্তী ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ড ও বিহারের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি হারিয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের পরিস্থিতির জন্য আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার এবং ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং দার্জিলিঙ সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার অবধি হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই জেলা গুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়াও আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া , হুগলি ও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি।
কলকাতায় দূর্যোগ কাটলেও আগামী দিনগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকবে। মাঝারি বৃষ্টিও হতে পারে।
Comments :0