Howrah Murder

হাওড়ায় প্রোমোটার খুনে গ্রেপ্তার ৩

রাজ্য জেলা

হাওড়ায় প্রোমোটার খুনের ঘটনায় ৪০ ঘন্টা পেরিয়ে গেলেও অধরা মূল অভিযুক্ত বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মী হারুন খান। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন জনকে বুধবার রাতে কলকাতা থেকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ। কলকাতা থেকে মহম্মদ বিলাল, মহম্মদ ওয়াকিল এবং দিলদার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনায় মূল অভিযুক্ত হারুন ও রোহিত খানকে পালাতে সাহায্য করেছিলেন এই তিন অভিযুক্ত।
বুধবার ভোররাতে হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানা সেকেন্ড বাই লেনে নিজের বাড়ির সামনে এক চায়ের দোকানের সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় মহম্মদ সফিকুল নামে এক প্রোমোটারকে। নিহতের পরিবারের দাবি, সফিকুলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন হারুণ খান ও রহিত খান। টাকা দেওয়া হবে না একথা বলতেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় প্রোমোটারকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
এলাকার সিসিটিভি ফুটেজ দেখে নিহতের পরিবারের তরফে দাবি করা হয়, হারুন এবং রোহিত গুলি চালিয়ে খুন করেছেন সফিকুলকে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গেলে স্থানীয় বাসিন্দারা জানান মূল অভিযুক্ত বিধায়ক ঘনিষ্ঠ হারুণ খানের আদি বাড়ি আফগানিস্তানের কাবুলে। সাত বছর আগে হাওড়ায় আসে হারুণ। অবৈধভাবে বৈধ কাগজপত্র ছাড়াই এখানে বসবাস করতো হারুণ বলে জানান স্থানীয়রা। তারা আরও জানান আরও এক অভিযুক্ত রোহিত খান আগ্নেয়াস্ত্র লেনদেনের কাজে যুক্ত ছিল। তাদের আরও দাবি পিলখানা এলাকায় হারুণ ও রোহিত সহ আরও কয়েকজন আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘোরাঘুরি করতো একথা বারেবারে পুলিশকে জানালেও পুলিশের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। বাসিন্দারা জানান পিলখানা এলাকায় অসামাজিক কাজকর্ম চালাতো অভিযুক্তরা। ব্যবসায়ী, প্রোমোটারদের থেকে ভয় দেখিয়ে মোটা টাকা দাবি করতো হারুণ খান। দাবি মত টাকা না দিলেই হামলা করা হতো ব্যবসায়ী ও প্রোমোটারদের ওপর। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার পিলখানা থার্ড বাই লেনের একটি বহুতলের পাঁচ তলায় থাকে হারুন। বুধবার সকাল থেকেই সেই ফ্ল্যাট তালাবন্ধ রয়েছে। পরিবারের লোকেরাও কেউ নেই সেখানে। এই বহুতলের নীচে রয়েছে একটি ক্লাব। এই ক্লাবে যাতায়াত ছিল হারুনের। বুধবার উত্তেজিত জনতা ওই ক্লাবে ঢুকে ভাঙচুর চালায়। আগুন ধরিয়ে দেওয়া হয় বাইকে। বৃহস্পতিবার সকাল থেকেই গোটা এলাকা থমথমে রয়েছে। এলাকায় রয়েছে পুলিশ পিকেট।
প্রোমোটার খুনের ঘটনা নিয়ে হাওড়া সিটি পুলিশের কমিশনার আকাশ মাঘারিয়া বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এই ব্যাপারে বেশি কিছু বলতে চাননি তিনি। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

Comments :0

Login to leave a comment