HS third semester 2026

উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু, পরীক্ষায় ৭.১৮ লক্ষের বেশি পড়ুয়া

রাজ্য

সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতিয় সেমিস্টার পরীক্ষা। পরীক্ষায় রাজ্যজুড়ে মোট ৭,১৮,৬২০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছে বলে জানিয়েছে সংসদ। তাদের মধ্যে ছাত্র ৩,১৫,৭৩১ জন এবং ছাত্রী ৪,০২,৮৮৯ জন।
সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম ভাষার পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংসদ জানিয়েছে, প্রথম দিনের পরীক্ষায় কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
চলতি বছরের তৃতীয় সেমিস্টার পরীক্ষা ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলার কথা। নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনের ঘোষণা এবং বিভিন্ন ছুটির কারণে পরীক্ষার সূচিতে আংশিক পরিবর্তন করা হয়েছে।
সংসদের তথ্য অনুযায়ী, রাজ্যের ৮২৫টি পরীক্ষা কেন্দ্রে মোট ২,১০৫টি ভেন্যুতে পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ৯৯টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এবারের পরীক্ষায় প্রথমবার উত্তরপত্র মূল্যায়নের জন্য ওএমআর শিট ব্যবহার করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্র থেকে পূরণ করা ওএমআর শিট সংগ্রহ করে সংসদের আঞ্চলিক কার্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য ইন্ডিয়া পোস্টের সঙ্গে চুক্তি করেছে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ।
সংসদের সভাপতি মোসিউর রহমান সরদার জানিয়েছেন, প্রতিটি পরীক্ষার ঘরে দু’জন করে পরিদর্শক রাখা হয়েছে। অর্থাৎ প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে পরিদর্শক থাকছেন।
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সংসদ সভাপতি বলেন, কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া গেলে তার পরীক্ষা এবং এনরোলমেন্ট বাতিল করা হবে।
পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মূল গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের গেট এবং ভেন্যু সুপারভাইজারদের ঘরে সিসিটিভি নজরদারি রাখা হয়েছে।
প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় কারচুপি রুখতে এবার বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্নপত্রে আলাদা সিরিয়াল নম্বর রাখা হয়েছে। পরীক্ষার্থীদের সামনেই সিল করা প্রশ্নপত্রের প্যাকেট খোলা হচ্ছে।
পরীক্ষা চলাকালীন গুজব বা ভুয়ো তথ্যের দিকে পড়ুয়াদের কান না দেওয়ার আবেদন জানিয়েছেন সংসদ সভাপতি। পরীক্ষা সংক্রান্ত কোনও তথ্য জানার ক্ষেত্রে সরকারি নির্দেশিকা ও সংসদের ঘোষণাকেই অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment