Left Front Rally

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল বামফ্রন্টের

রাজ্য কলকাতা

গ্যাসের মূল্যবৃদ্ধি, কালো বাজারি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে কলকাতায় মিছিল করলো রাজ্য বামফ্রন্ট। বুধবার কলেজ স্ট্রিট থেকে শিয়ালদহ মিছিল করে বামফ্রন্ট। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী, শ্রীদীপ ভট্টাচার্য, কল্লোল মজুমদার, অনাদি সাহু মিছিলে অংশ নেন। 
সূর্য সেন স্ট্রীট হয়ে মিছিল শেষ হয় শিয়ালদহে। সেখানে সংক্ষিপ্ত সভা হয়। সভায় সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘ভারত জোট নিরপেক্ষ আন্দোলনকে পথে দেখিয়েছে। আজ মোদী সরকারের আমলে ভারতের স্বাধীন বিদেশনীতি বলে কিছু নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করেছে ভারত। প্যালেস্তাইনে যখন গণহত্যা হচ্ছে তখনও ভারত কোন কথা বলেনি। স্বাধীন দেশ ইরানের ওপর যখন হামলা হচ্ছে তখন ভারত সরকার চুপ।’
চক্রবর্তী বলেন, ‘আজ মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসন শুধুমাত্র মধ্য প্রাচ্যে আটকে নেই। মানুষের রান্নাঘর পর্যন্ত চলে এসেছে। যুদ্ধের জন্য গ্যাসের সঙ্কট তৈরি হয়েছে। হরমুজ কার্যত বন্ধ। ভারত সরকার সঙ্কট মেটানোর জন্য কোন পদক্ষেপ নিচ্ছে না। এক ধাক্কায় গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। মানুষের ওপর ক্রমশ অর্থনৈতিক বোঝা চাপাচ্ছে সরকার। দেশ জুড়ে গ্যাসের কালোবাজির চলছে সেই দিকে সরকারের নজর নেই। মানুষের রুটি রুজি আজ আক্রান্ত।’
এদিন শিয়ালদহের সভায় সিপিআই(এম) এর পাশাপাশি বক্তব্য রাখে অন্যান্য বাম নেতৃত্ব। বামফ্রন্ট নেতৃত্বের কথায় নির্বাচনী সংগ্রামের পাশাপাশি মানুষের রুটি রুজির যেই লড়াই তা চলবে।

Comments :0

Login to leave a comment