শুক্রবার ভোরে আরিজ কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের একটি লিফ্টের ভিতর আটকে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। পরিবারের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ঘটনা। তাদের অভিযোগ লিফ্টের দেখভাল করা হতো না হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে।
যদিও হাসপাতালের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। উল্লেখ্য শুক্রবার সকালের ঘটনার পরেই লিফ্ট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বিভাগগুলির কাছ থেকে রিপোর্ট তলব করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রিপোর্ট দিতে বলা হয় হাসপাতালের বিদ্যুৎ বিভাগ এবং পূর্ত বিভাগকে। রাজ্যের সরকারি হাসপাতালের লিফ্টগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে মূলত এই দু’টি বিভাগই।
মৃত ব্যাক্তি অরূপ ব্যানার্জি (৪০) ছেলের চিকিৎসা করাতে শুক্রবার সকালে আরজি কর হাসপাতালে গিয়েছিলেন। ট্রমা কেয়ার সেন্টারের একটি লিফ্টে আটকে পড়েন তিনি। মৃতের পরিবারের দাবি, লিফ্টটি উপর দিকে কিছুটা উঠে নীচে নেমে আসে। তার পর সজোরে বেসমেন্টে গিয়ে ধাক্কা খায়। প্রায় এক ঘণ্টা ভিতরে আটকে থাকার পর ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই ব্যাক্তির। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার সময় লিফ্টে কোন অপারেটর ছিল না মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
হাসপাতালে এই ঘটনার খবর পেয়ে সেখানে যান কাশিপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী রাজেন্দ্র গুপ্ত। ঘটনাস্থলে গিয়ে ক্ষোভ উগ্রে দেন তিনি। মৃতের পরিবারের সঙ্গে দেখাও করেন তিনি। রাজেন্দ্র বলেন, ‘সরকার মুখেই উন্নয়নের কথা বলে। বাইরে থেকে রং করে কোন কিছু হয় না। পরিকাঠামোর কোন উন্নতি হয়নি আজকের ঘটনা তার প্রমান।’
Comments :0