IIT Kharagpur

আইআইটি খড়গপুরে মর্মান্তিক ঘটনা, তিনতলা থেকে পড়ে মৃত্যু ১৯ বছরের পড়ুয়ার

রাজ্য

আইআইটি খড়গপুর ক্যাম্পাসে তিনতলা থেকে পড়ে মৃত্যু হল ১৯ বছরের এক পড়ুয়ার। মৃতের নাম অঙ্কিত শর্মা। তিনি রাজস্থানের নাগৌর জেলার বাসিন্দা এবং আইআইটি খড়্গপুরের দ্বিতীয় বর্ষের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসের নালন্দা ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে যান অঙ্কিত। আচমকা জোরালো শব্দ শুনে ভবনের আশপাশে থাকা কয়েকজন পড়ুয়া ও অন্যরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন।
গুরুতর আহত অবস্থায় অঙ্কিতকে দ্রুত আইআইটি খড়গপুর ক্যাম্পাসের বিসি রায় টেকনোলজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে খড়গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে ওই পড়ুয়া তৃতীয় তলা থেকে পড়ে গেলেন, তা জানতে ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অঙ্কিতের পড়ে যাওয়ার ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে ঘটেছে, তা এখনও নিশ্চিত নয়। তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে।
অঙ্কিতের পরিবারের সদস্যদের ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। শুক্রবার তার দেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Comments :0

Login to leave a comment