Crime

টাকার দাবিতে ছয় মাসের অন্তঃসত্ত্বা বধূকে খুন! গারুলিয়ায় খাটের তলা থেকে উদ্ধার প্লাস্টিক মোড়ানো দেহ

রাজ্য জেলা

টাকার দাবিতে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার গারুলিয়ার লেনিন নগর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম পূজা মণ্ডল (২৪)। তার প্লাস্টিকে মোড়ানো মৃতদেহটি নিজেদের বাড়িরই একটি খাটের তলা থেকে উদ্ধার করা হয়।
এই ঘটনায় মৃতার স্বামী ঋষি হরিচাঁদ, শাশুড়ি এবং পরিবারের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যেই একটি খুনের মামলা রুজু করা হয়েছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মৃতার পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশের প্রাথমিক অনুমান কাপড়ের ফাঁস দিয়ে শ্বাসরোধ করে পূজাকে খুন করা হয়েছে। এরপর অপরাধ লুকাতে প্লাস্টিকে মুড়িয়ে দেহটি খাটের তলায় লুকিয়ে রাখার চেষ্টা করে অভিযুক্ত স্বামী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে পূজা ও ঋষির বিয়ে হয়। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা পূজার ওপর নিয়মিত মানসিক ও শারীরিক অত্যাচার চালাত। গর্ভাবস্থাতেও সেই হয়রানি থামেনি। বুধবার সকালেও টাকা চাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রবল বচসা হয়, এবং তার জেরেই এই খুন বলে অভিযোগ।
বুধবার সারা দিন পূজার সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে বিকেলে তার পরিবারের লোকেরা শ্বশুরবাড়িতে ছুটে যান। সেখানে পূজার কোনও খোঁজ না পেয়ে তারা অবিলম্বে পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে তল্লাশি চালিয়ে খাটের তলা থেকে দেহটি উদ্ধার করে।
মৃতার মামা গৌতম বিশ্বাস সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘ঋষি প্রায়ই আমার ভাগ্নি পূজার কাছে টাকা চাইত। ওরা আমাদের অমতে বিয়ে করেছিল, তাই পরিবারের কেউই প্রথমে ওদের মেনে নেয়নি। পরে যখন শুনলাম পূজা অন্তঃসত্ত্বা, তখন আমরা ওদের সম্পর্কটা মেনে নিই।’ তিনি ক্ষোভের সঙ্গে আরও বলেন, ‘ওর স্বামী কোনও কাজকর্ম করত না। সেই কারণেই সে বারবার টাকা চাইত। ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি পূজার দেহ খাটের তলায় লুকানো রয়েছে। আমরা এও শুনেছি যে ওর স্বামী, শাশুড়ি সহ বাকিরা থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে।’ ইতিমধ্যে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Comments :0

Login to leave a comment