Nepal Elections

নির্বাচনী কাজে সহায়তায় নেপালকে প্রচুর যানবাহন সরবরাহ ভারতের

আন্তর্জাতিক

জেন-জি আন্দোলনের চাপে গত ৯ সেপ্টেম্বর ওলি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। তার দিন দু’য়েকের মধ্যেই রাষ্ট্রপতি পৌডেল জেন-জি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে এক অন্তর্বর্তী সরকারকে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর করে। আগামী ৫ মার্চ সাধারণ নির্বাচন ঘোষণা করা হয়। আগামী বৃহস্পতিবার নেপালে নির্বাচনকে সামনে রেখে সোমবার মধ্যরাত থেকে ৭২ ঘন্টার ভারত-নেপাল সীমান্তের সমস্ত চেকপোস্ট বন্ধ রাখা হয়েছে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে জানানো হয়েছে। নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শান্তিপূর্ণ ও ভয়মুক্ত নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে। ভারত সরকার নির্বাচনী কাজে সহায়তা করার জন্য নেপাল সরকারকে মোট ৬১০টি যানবাহন সরবরাহ করেছে।
নেপালে ভারতীয় কনস্যুলেট জেনারেলের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়েছে। বীরগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় কনসাল জেনারেল দেবী সহাই মীনা পারসার জেলা শাসক ভোলা দাহালের কাছে যানবাহন হস্তান্তর করেন। দূতাবাস জানিয়েছে যে ভারত সরকার চারটি পর্যায়ে মোট ৬১০টি যানবাহন হস্তান্তর করেছে। চূড়ান্ত পর্যায়ে ৩০টি ট্রাক নেপাল সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। বলা হয়েছে, এই সহযোগিতা ভারত ও নেপালের মধ্যে ঐতিহ্যবাহী "বেটি-রোটি" সম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার একটি পদক্ষেপ। এই যানবাহনগুলি নির্বাচনে পরিবহন, নিরাপত্তা বাহিনীর চলাচল এবং প্রশাসনিক কাজের জন্য ব্যবহার করা হবে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
নির্বাচনের কথা মাথায় রেখে, ভারত-নেপাল সীমান্ত সাময়িকভাবে সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩ মার্চ সকাল থেকে ৫ মার্চ গভীর রাত পর্যন্ত সীমান্ত জুড়ে সাধারণ যান চলাচল নিষিদ্ধ থাকবে। সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ৪ মার্চ হোলির কারণে সীমান্তে কোনও ছাড় দেওয়া হবে না। প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে , ভোটগ্রহণ প্রক্রিয়া যাতে প্রভাবিত না হয় তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment