Road Accident

চন্দ্রকোনায় পথ দুর্ঘটনায় দুই পুলিশকর্মীর মৃত্যু, জখম ৩

জেলা

পশ্চিম মেদিনীপুরে পুলিশের গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। ঘটনায় জখম হয়েছেন আরও তিনজন। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের ৬০ নম্বর জাতীয় সড়কের কুবাই সেতুর নীচে। পুলিশ সূত্রে খবর মৃতদের নাম সমীর দোলই, এবং পুলিশের গাড়ির চালক আমিন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে, সোমবার রাতে একটি গাড়িতে করে পুলিশ কর্মীরা গড়বেতা থানায় ডিউটিতে যাচ্ছিলেন। চন্দ্রকোনা রোড সংলগ্ন কুবাই সেতুর নীচে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক পুলিশের গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই পুলিশকর্মীর।‌ দুটি গাড়ির সংঘর্ষে পুলিশের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগান। ঘটনাস্থলে আসে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে তাদের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে চন্দ্রকোনা রোড থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment