রাজ্যে নারী নিরাপত্তার চরম অবনতি এবং শাসক ও প্রধান বিরোধী দলের অন্দরে থাকা দুষ্কৃতী সংস্কৃতির এক নক্করজনক ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে। বিবেকানন্দ পল্লী এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ের ভেতরে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক বিজেপি কর্মীকে। তবে ঘটনার বীভৎসতার চেয়েও পুলিশের ‘নরম’ ভূমিকা নিয়ে এখন সাধারণ মানুষের মনে ক্ষোভ দানা বেঁধেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লীতে অবস্থিত বিজেপির ওই দলীয় কার্যালয়টিতে গতকাল এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে আটকে রেখে নির্যাতন চালানো হয়। এলাকার বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে হাতেনাতে পাকড়াও করেন অভিযুক্ত বিজেপি কর্মীকে। খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। দলীয় কার্যালয়ের ভেতরে এমন পৈশাচিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
শনিবার ধৃত বিজেপি কর্মীকে আদালতে পেশ করে কোতয়ালি থানার পুলিশ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই স্পর্শকাতর ঘটনায় পুলিশের পক্ষ থেকে ধৃতের কোনো পুলিশি রিমান্ড চাওয়া হয়নি। কেন পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে অনীহা প্রকাশ করল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিচারক অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশের এই রহস্যজনক নিষ্ক্রিয়তা এবং তদন্তে শৈথিল্যের প্রতিবাদে রাস্তায় নেমেছে জলপাইগুড়ির ‘অভয়া মঞ্চ’। মঞ্চের অন্যতম আহ্বায়ক শুভঙ্কর সিনহা জানিয়েছেন:
"এক জন মানসিক ভারসাম্যহীন মহিলাকে দলীয় কার্যালয়ে ধর্ষণের মতো জঘন্য অপরাধের পরও পুলিশ কেন রিমান্ড চাইল না, তা বোধগম্য নয়। আমরা ওই নির্যাতিতার পাশে আছি। আদালতের লড়াইয়ে অভয়া মঞ্চের আইনজীবীরা নির্যাতিতার পক্ষেই সওয়াল করবেন।"
বিজেপির মতো দল যারা নারী সুরক্ষার দাবি তোলে, তাদেরই দলীয় কার্যালয়ে এই ঘটনা এবং পুলিশের এই ঢিলেঢালা তদন্তের পিছনে কোনো ‘গোপন সমঝোতা’ কাজ করছে কি না, তা নিয়ে সরব হয়েছে জেলার গণতান্ত্রিক ও প্রগতিশীল মানুষ।
Jalpaiguri Rape Case
বিজেপি’র পার্টি অফিসে ধর্ষণ, পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে জলপাইগুড়িতে সরব ‘অভয়া মঞ্চ’
×
Comments :0