DYFI Campaign

চোপড়ায় ইনকিলাব সমাবেশে'র জোর প্রচার, কলকাতার পথে বহু কর্মী

জেলা

ডিওয়াইএফআই ইনকিলাব সমাবেশের প্রচার চোপড়ায়। ইনকিলাব সমাবেশেকে কেন্দ্র করে সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। মশাল মিছিল, হাট মিছিল থেকে শুরু করে পাড়ায় পাড়ায় প্রচার মিছিল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ইনকিলাব সমাবেশএর প্রচার চলছে। আগামী শনিবার চোপড়া থেকে প্রায় ৫০০ জন কর্মী-সমর্থক ইনকিলাব সমাবেশে অংশ নিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বলে ডিওয়াইএফআই’য়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিন প্রচার কর্মসূচিতে যুব নেতৃত্ব জানিয়েছেন , তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন যুব সমাজের ভবিষ্যৎ ও কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে ছেলেখেলা করেছে। পরিবর্তনের পর বিজেপি সরকারও একই পথে হাঁটছে। নতুন সরকার গঠনের পর যুবকদের জন্য কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে কোনও নতুন দিশা দেখাতে বর্তমান সরকার ব্যর্থ। ডিওয়াইএফআইয়ের উত্তর দিনাজপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সন্তু সরকার বলেন, ‘‘তৃণমূল চোপড়ায় ভয়-ভীতির রাজত্ব কায়েম করেছিল। এলাকার বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে যুবকদের মিথ্যা মামলায় ফাঁসানো,  হামলা এবং তাঁদের পরিবারের জমি দখলের মতো অভিযোগ রয়েছে।’’  তাঁর কথায়, ‘‘আমাদের কর্মী-সমর্থকরা যেভাবে রাস্তায় নামছেন, তাতে সংগঠনের শক্তি বৃদ্ধি পেয়েছে। ভৈশপিঠা বাজারে ঐতিহাসিক মশাল মিছিল হয়েছে। দাসপাড়া, লক্ষ্মীপুর-সহ বিভিন্ন এলাকায় প্রচার মিছিল চলছে।’’ 
চোপড়ার প্রাক্তন যুব নেতা বিদ্যুৎ তরফদার বলেন, ‘‘যুবরা ঘর থেকে বেরিয়ে এসেছে। তাঁদের সংগঠিত লড়াই আগামী দিনে চোপড়াকে নতুন রাস্তা দেখাবে। তাঁদের লড়াই ও আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনের কর্মী হিসেবে আমরা পাশে আছি।’’

Comments :0

Login to leave a comment