DYFI Rally In Chopra

গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে যুবদের সমাবেশ মিছিল চোপড়ায়

জেলা

বেকারত্ব, মূল্যবৃদ্ধি, দুর্নীতি, শিক্ষা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে যুবসমাজকে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়ে সোমবার বিকালে উত্তর দিনাজপুর জেলার চোপড়া পার্টি অফিসের সামনে ডিওয়াইএফআইয়ের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের রাজ্য ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। কর্মী-সমর্থকদের উপস্থিতিতে সভাস্থল সরগরম হয়ে ওঠে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই’র রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা বলেন, দেশের যুবসমাজ আজ এক গভীর সংকটের মুখোমুখি। শিক্ষিত যুবক-যুবতীদের সামনে কর্মসংস্থানের সুযোগ ক্রমশ কমছে। দীর্ঘদিন ধরে শূন্যপদ পূরণ না হওয়ায় সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মীসংকট দেখা দিয়েছে। অথচ চাকরিপ্রার্থীদের ন্যায্য দাবি উপেক্ষা করা হচ্ছে। তিনি বলেন, কর্মসংস্থান, শিক্ষার অধিকার, স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে সংগঠিত আন্দোলনই আজ সময়ের দাবি। এই আন্দোলনকে আরও শক্তিশালী করতে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


এদিন সকলের জন্য স্থায়ী কাজ চাই, বৈধ ভোটারদের নাম অবিলম্বে তালিকায় যুক্ত করতে হবে। এছাড়াও পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না এই দাবিতে মিছিল হয়। 
মিছিল শেষে সভায় ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি অয়নাংশু সরকার বলেন, কেন্দ্র ও রাজ্যের জনবিরোধী নীতির ফলে সাধারণ মানুষের জীবন ক্রমশ দুর্বিষহ হয়ে উঠছে। লাগামছাড়া মূল্যবৃদ্ধি, দুর্নীতি, বেকারত্ব এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির পরিবর্তে মানুষের রুটি-রুজি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের প্রশ্নকে সামনে রেখে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতে হবে। যুবসমাজের শক্তিকেই সেই আন্দোলনের প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন উত্তর দিনাজপুর জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন এবং জেলা সভাপতি রুহুল আমিন। তাঁরা জেলার বিভিন্ন প্রান্তে বেকার যুবকদের সমস্যা, শিক্ষা ক্ষেত্রে অনিয়ম, কর্মসংস্থানের অভাব এবং সাধারণ মানুষের নিত্যদিনের সংকটের বিষয় তুলে ধরেন। আগামী দিনে গ্রাম থেকে শহর পর্যন্ত ডিওয়াইএফআই’র সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করে আন্দোলনকে বিস্তৃত করার ডাক দেন তাঁরা।
সভায় উপস্থিত ছিলেন জেলার নেতৃত্ব সন্তু সরকার, মেহেবুব আলম, নূরজামাল-সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মানুষের ন্যায্য দাবি আদায়, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী দিনে আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। সভা শেষে সংগঠনের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে উপস্থিত কর্মী-সমর্থকদের শপথবাক্য পাঠ করানো হয়।

Comments :0

Login to leave a comment