DYFI submits deputation at Siliguri Borough Office

বেহাল রাস্তা ও নিকাশিনালা সংস্কারের দাবিতে শিলিগুড়ির বরো অফিস ডেপুটেশন ডিওয়াইএফআই'র

জেলা

শারদোৎসবের আগে রাস্তা, নিকাশি নালা ও বিকল পথবাতির মেরামতির দাবিতে বুধবার ডিওয়াইএফআই ডাবগ্রাম উত্তর লোকাল কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ৫নম্বর বরো অফিসে স্মারকলিপি দেওয়া হয়। এদিন বরো অফিসারের কাছে স্মারকলিপি দিতে গেলে যুবদের পথ আটকায় পুলিশ। পরে যুব প্রতিনিধি দল অফিসের ভেতরে গিয়ে বোরো অফিসারের হাতে স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন যুবনেতা বুলেট সিং, গৌতম রায়, তন্ময় চন্দ, পঙ্কজ রায় সহ শচীন ছেত্রী। 
যুব নেতৃবৃন্দ অভিযোগ করেন, ডাবগ্রাম উত্তর লোকাল কমিটির অন্তর্গত ৪১, ৪২, ৪৩, ৪৪ নম্বর ওয়ার্ডের সমস্ত রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয়। শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ৪২ ও ৪৩ নম্বর ওয়ার্ডের সীমান্ত সংলগ্ন মসজিদের কাছে রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সংষ্কারের কোনই উদ্যোগ নেই। একাধিকবার এই রাস্তাটি মেরামতির দাবি জানানো হলেও কোন কাজ হয়নি। শুধুমাত্র এই রাস্তাটিই নয়, বিস্তীর্ন এলাকার রাস্তাঘাটের কঙ্কালসার অবস্থা। বিস্তীর্ন এলাকার ৮০ শতাংশ পথবাতি অচল হয়ে রয়েছে। অভিযোগ করেন, বিজেপি দ্বারা মনোনীত কোঅর্ডিনেটররা ওয়ার্ডের উন্নয়নমূলক কাজে সরকারি লোগো ব্যবহার করে হস্তক্ষেপ ও মাতব্বরি করছে। অবিলম্বে উৎসবের আগে প্রতিশ্রুতি মতো বেহাল রাস্তাঘাটের সংষ্কার, ভেঙে পড়া নিকাশী ব্যবস্থার সুষ্ঠু সমাধান ও বিকল পথবাতি সারাই ও মেরামতির উদ্যোগ গ্রহন করতে হবে। তা না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। 
এদিন স্মারকলিপি গ্রহন করে উৎসবের আগেই বোরো অফিসার সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। বিজেপি দ্বারা মনোনীত কোঅর্ডিনেটরদের মাতব্বরির অভিযোগ প্রসঙ্গে বোরো অফিসার অরুন বিশ্বাস স্পষ্টভাবে জানান, এই ধরনের ঘটনা সঠিক নয়, এমন অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments :0

Login to leave a comment