ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোয় রবিবার নজর থাকবে এক হাইভোল্টেজ লড়াইয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে ইউরোপের অন্যতম দল নরওয়ের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচের বিজয়ী জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।
নকআউট পর্বে ওঠার পথে ব্রাজিল শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী। অন্যদিকে নরওয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করেছে। ফলে দুই দলই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে মাঠে নামবে।
এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ব্রাজিলের তারকাবহুল আক্রমণভাগ বনাম নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড। হালান্ডকে থামানোই যে দলের প্রধান লক্ষ্য, তা স্পষ্ট করে দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
তার মতে, শুধু একজন ডিফেন্ডারের ওপর দায়িত্ব ছেড়ে দিলে চলবে না। গোটা দলকে রক্ষণে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে চোট কাটিয়ে রাফিনিয়া বদলি হিসেবে নামতে পারেন এবং নেইমারও পুরোপুরি ফিট বলে জানিয়েছেন ব্রাজিল কোচ। তবে লুকাস পাকেতার অনুপস্থিতি ব্রাজিলের মাঝমাঠে কিছুটা প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে নরওয়ের আত্মবিশ্বাসের বড় কারণ তাদের ইতিহাস। বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে চারটি ম্যাচ খেলেও এখনও হারেনি নরওয়ে। দুটি জয় এবং দুটি ড্র রয়েছে তাদের ঝুলিতে। বিশেষ করে ১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারানোর স্মৃতি এখনও নরওয়েজিয়ান ফুটবলের অন্যতম গর্ব।
ব্রাজিল অবশ্য নকআউট পর্বে নিজেদের অভিজ্ঞতার উপরই ভরসা রাখছে। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার, ব্রুনো গিমারায়েসদের নিয়ে গড়া দলটি আক্রমণে যেমন শক্তিশালী, তেমনই রক্ষণেও ভারসাম্যপূর্ণ। অন্যদিকে মার্টিন ওডেগার্ড ও আর্লিং হালান্ডকে ঘিরে নরওয়ের পাল্টা আক্রমণ যে কোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
ফুটবলপ্রেমীদের কাছে এই ম্যাচ শুধু দুই দলের লড়াই নয়, বরং দুই ভিন্ন ফুটবল দর্শনের সংঘর্ষ। একদিকে বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল, অন্যদিকে ইতিহাসের ভার কম হলেও দুর্দান্ত আত্মবিশ্বাসে ভরপুর নরওয়ে।
FIFA World Cup 2026
বিশ্বকাপের নকআউটে আজ ব্রাজিল-নরওয়ে মহারণ, হালান্ডকে থামানোর চ্যালেঞ্জে আনচেলত্তির দল
×
Comments :0