দীপাবলীতেও বুক স্টলে হামলা অব্যাহত রাখল বিজেপি আশ্রিত দুষ্কৃতী বাহিনী। রবিবার সন্ধ্যায় বারাসত-২ ব্লকের সন্ত্রাস কবলিত কলুপাড়ায় ডিওয়াইএফআই আয়োজিত বুক স্টলে হামলা হয়েছে। তবে ফের চালু হয়েছে এই বুক স্টল। রাজ্যের বহু জায়গায় চলছে এমন বহু প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্র।
রবিবার সন্ধ্যায় বারাসতের কলুপাড়ায় ডিওয়াইএফআই বারাসত দক্ষিণ-২ লোকাল কমিটি আয়োজিত বুক স্টলে হামলা হয়। শনিবার এই মার্কসীয় বই বিক্রয় কেন্দ্র চালু হয়েছিল।
রবিবার সন্ধ্যায় ভাঙচুরের পর পুলিশকে জানিয়ে ফের চালু হয় বই বিক্রয় কেন্দ্র।
পাশাপাশি এসএফআই, ডিওয়াইএফআই ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির বারাসত-৩ লোকাল কমিটির উদ্যোগে কলোনি মোড়ে রবিবার প্রগতিশীল ও চিরায়ত সাহিত্যের স্টল উদ্বোধন করেন ডিওয়াইএফআই উত্তর ২৪ পরগনা জেলার প্রাক্তন সম্পাদক দিলীপ সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএফআই-র মারুফ রহমান।
শারদ উৎসবের সময় বুক স্টলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত তুহিন রায়কে সংবর্ধনা দেওয়া হয়।
এদিকে জলপাইগুড়িতে দীপাবলীর সন্ধ্যায় এসএফআই সদর-১ আঞ্চলিক কমিটির উদ্যোগে শহরের ডিবিসি রোড জেলা কার্যালয়ের সামনে ‘ইনকিলাবি বুক স্টল’-র আয়োজন করা হয়। বুক স্টলের উদ্বোধন করেন এসএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক অরিন্দম ঘোষ। ছিলেন সভাপতি সাব্বির হোসেন, শিক্ষিকা মৌমিতা আলম, দেবরাজ বর্মন সহ নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে কেন্দ্র ও রাজ্যের আরএসএস প্রভাবিত বিজেপি সরকার শিক্ষাক্ষেত্র সহ সমস্ত ক্ষেত্রে গণতন্ত্রকে ধ্বংস করে এক পরাজক পরিস্থিতি তৈরি করতে চাইছে। নিজেদের খেয়াল খুশি মত আইন তৈরি করে সংবিধান আইনসভা সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে চলা তাদের এই প্রক্রিয়ার বিরুদ্ধে লাগাতার আন্দোলনের পথে আছে ছাত্র সমাজ। কারা প্রকৃত দেশপ্রেমিক আর কারা দেশদ্রোহী সেই সত্যকে তুলে ধরা জরুরি। কলেজ, বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র ফেরানোর মধ্য দিয়ে রাজনীতির অঙ্গনে নতুন নতুন কুঁড়িদের ফোটানোর দায়িত্ব নিতে মতাদর্শের চর্চা অত্যন্ত জরুরি।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন ছাত্রনেতা পীযূষ মিশ্র, সলিল আচার্য, জিয়াউল আলম সহ গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এসএফআই-র সাংস্কৃতিক শাখা।
Book Stall Diwali
দীপাবলীতেও বুক স্টলে হামলা বারাসতে, রাজ্যজুড়ে চলছে বই বিক্রি
জলপাইগুড়িতে ‘ইনকিলাবি বুক স্টল’।
×
Comments :0