Delhi building collapse

দিল্লিতে বিল্ডিং ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬, গ্রেপ্তার মালিক সহ ৪

জাতীয়

পুরোনো দিল্লির হাউজ কাজি এলাকায় তিনতলা বিল্ডিং ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক ও তিনজন ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া গিয়েছে।  তাঁরা হলেন  সঞ্জিত কুমার, কিশোরী সাহ, পঙ্কজ শর্মা, বিপিন রাম, শান্তু এবং দীনেশ সাহ। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন বিহারের বাসিন্দা, আর বিপিন রাম দিল্লির মান্ডাওয়ালির বাসিন্দা ছিলেন।
বাড়িটির মালিক, যিনি সাইমুল্লাহ ওরফে আইয়ুব নামে পরিচিত এবং সিরাজ, তাজউদ্দিন ও ফুরকান নামের তিন ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিকাদারদের ফরিদাবাদের সিরোহি থেকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে চাওরি বাজার মেট্রো স্টেশনের কাছে বাড়িটি ধসে পড়ে। পুলিশের তথ্য অনুযায়ী, বাড়িটি ধসে পড়ার সময় নির্মাণস্থলে ১০ থেকে ১৫ জন শ্রমিক উপস্থিত ছিলেন।
৫ নভেম্বর হাউজ কাজি থানায় দায়ের করা একটি এফআইআর-র ভিত্তিতে এই গ্রেপ্তারগুলি করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ১০৫ (খুন নয় এমন নরহত্যা), ২৯০ (ভবন ভাঙা বা মেরামতের ক্ষেত্রে অবহেলাপূর্ণ আচরণ), ১২৫(ক) (অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তাকে বিপন্ন করে এমন কাজ) এবং ৩(৫) (যৌথ অভিপ্রায়) ধারায় এই মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
 

Comments :0

Login to leave a comment