ইন্দোনেশিয়ার দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় জখম হয়েছেন অন্তত ৮৪ জন। সোমবার রাতে জাকার্তার কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বেকাসি তিমুর স্টেশনের কাছে ঘটেছে। জানা গেছে, একটি যাত্রীবাহী ট্রেন রেললাইনে দাঁড়িয়ে থাকার সময় একই লাইনে দ্রুত গতিতে আরেকটি দূরপাল্লার ট্রেন চলে আসে। দুটি ট্রেনের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বেশ কয়েকটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়াদের উদ্ধারকাজ শুরু করে। প্রশাসন, সেনাবাহিনী উদ্ধারকাজে নামে।
রেলওয়ের মুখপাত্র স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই দুর্ঘটনায় ১৪ নিহত এবং ৮৪ জন আহত হয়েছেন। তিনি আরও জানান, উদ্ধারকারী দলগুলো এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। বেঁচে যাওয়া এক যাত্রী সংবাদ সংস্থাকে জানান, দুর্ঘটনাটি ছিল ভয়াবহ। তিনি যে ট্রেনে ছিলেন সেই ট্রেনের সঙ্গে অন্য একটি দূরপাল্লার ট্রেনের সঙ্গে সংঘর্ষের ফলে যাত্রীরা বগির ভেতরে আটকা পড়েন। গুরুতর জখম হাসপাতালে চিকিৎসাধীন সুসান সারিফাহ বলেন, ‘‘ ভেবেছিলাম আমি মারা যাব।’’ তিনি বলেন, কাজ থেকে বাড়ি ফেরার পথে জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বেকাসি তিমুর স্টেশনে তার ট্রেনটি থামে। অনেকেই নামার জন্য প্রস্তুত ছিল, এমন সময় হঠাৎ প্রচণ্ড একটি শব্দ হলো। বের হওয়ার কোনো সময় ছিল না। ট্রেনের ভেতরে সবাই একে অপরের ওপর পড়ে যায় এবং পিষ্ট হয়। আমার নিচের জন কেমন আছে, তা আমি জানি না। সবকিছু এক মুহূর্তের মধ্যে ঘটে গেল।’’
ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি দুর্ঘটনাটি নিয়ে একটি তদন্ত শুরু করেছে। অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার মতে, এই সংঘর্ষে বেশ কয়েকটি বগির ব্যাপক ক্ষতি হয়েছে এবং কিছু যাত্রী ভেতরে আটকা পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দুর্ঘটনার দৃশ্য দেখা যাচ্ছে। যেখানে আহত ব্যক্তিরা ধ্বংসস্তূপের কাছে পড়ে আছেন।
Train Accident in Indonesia
ইন্দোনেশিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪, জখম ৮৪
×
Comments :0