শিলিগুড়িতে উচ্ছেদের আতঙ্কে দিন কাটাচ্ছেন রেলের অব্যবহৃত জমিতে বসবাসকারী হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে উচ্ছেদ বিরোধী প্রচার অভিযানে বেরিয়ে শিলিগুড়ি ২৮নম্বর ওয়ার্ডের মাতঙ্গিনী ১ ও ২এলাকার বিস্তীর্ণ মানুষদের পাশে থাকার বার্তা দিলো সিপিআই(এম) নেতৃত্ব। ২৮নম্বর ওয়ার্ডের মাতঙ্গিনী ১ ও ২এলাকায় ভোটারের সংখ্যা প্রায় সাত হাজার। শুক্রবার এলাকায় উচ্ছেদের জন্য নাম ঠিকানা লিখে নিয়েছে সরকারী কর্মী পরিচয় দিয়ে কে বা কারা। সরকারি কর্মীর পরিচয় দিয়ে এলাকার প্রতিটি বাড়িতে সার্ভের কাজ চলছে। কেন্দ্র ও রাজ্য সরকারের সাম্প্রতিক সময়ের কর্মকান্ডে উচ্ছেদের আশঙ্কায় ভুগছেন এই এলাকার দীর্ঘ বছর ধরে বসবাসকারী দরিদ্র খেটে খাওয়া মানুষেরা। এই অবস্থায় শুক্রবার সিপিআই(এম) নেতা জয় চক্রবর্তী, তুফান ভট্টাচার্য, মিঠুন বসাক, রাজা দে, মহম্মদ গিলানি, বেবী দাস সহ অন্যান্যরা উচ্ছেদ বিরোধী প্রচারে এলাকায় পৌঁছে আতঙ্কিত মানুষদের অভয় দিয়েছেন। বিকল্প পুর্নবাসন ছাড়াও উচ্ছেদ করা হলে উচ্ছেদের মুখে পড়া মানুষদের সাথে নিয়ে রাস্তার বড় আন্দোলন গড়ে তোলা হবে বলে সিপিআই(এম) নেতৃবৃন্দ জানিয়েছেন। শিলিগুড়ি শহরে এই রকম বহু রেল বস্তি কলোনি রয়েছে। যে সকল এলাকায় দীর্ঘ ৫০/৬০বছর ধরে গরীব মানুষেরা বসবাস করছেন। একেবারেই দিন আনা দিন খাওয়া মানুষ এরা। স্বাভাবিকভাবে নিজেদের এতোদিনের বসতি থেকে উচ্ছেদ করে দিলে পরিবার নিয়ে কোথায় যাবেন কি করবেন তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন।
এছাড়াও প্রাকৃতিক দূর্যোগকে উপেক্ষা করে এদিন সকাল সকাল শিলিগুড়ি ৭ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোড, স্বামীনগর কলোনি সহ বিস্তীর্ন এলাকায় উচ্ছেদ বিরোধী প্রচার অভিযান চলেছে সিপিআই(এম) শিলিগুড়ি ২নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে। প্রচারে ছিলেন সৌরভ সরকার, নন্দেশ্বর প্রসাদ, উত্তম দাস সহ অন্যান্যরা। সিপিআই(এম) ২নম্বর এরিয়া কমিটির সম্পাদক সৌরভ সরকার জানান, উচ্ছেদের মুখে পড়া শিলিগুড়ি ৪, ৬ ও ৭নম্বর ওয়ার্ডের কুমোরটুলি, আদর্শনগরের একাংশ, ডাঙ্গিপাড়া, ডাঙ্গিপাড়া রেললাইন, ফকিরটোলা, বিস্তীর্ণ অংশে রেলের অব্যহৃত জমিতে বসবাসকারী মানুষদের মধ্যে উচ্ছেদ বিরোধী প্রচার চালানো হয়েছে। উচ্ছেদ বিরোধী প্রচারে বেরিয়ে আমরা গরীব মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছি।
CPI(M) Campaign
উচ্ছেদের আশঙ্কা শিলিগুড়িতেও, পাশে থাকার বার্তা সিপিআই(এম)’র
×
Comments :0