Awas Yojana

এসআইআর তালিকায় বাদ আবাস উপভোক্তাদের তালিকা তৈরি করছে কোচবিহার জেলা প্রশাসন

জেলা

লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপুর্না ভান্ডার যোজনায় যেতে এসআইআর তালিকায় বাদ পড়া ভোটারদের বাদ যাবার পর এবার লক্ষ্য আবাস যোজনা! আবাসের উপভোক্তাদের মধ্যেও বাদ পড়া ভোটারদের নাম কাটার প্রস্তুতি শুরু রাজ্য প্রশাসনের! আবাসে প্রথম কিস্তির টাকা পেয়েছেন অথচ এসআইআর-এ ভোটার তালিকায় যাদের নাম বাদ পড়েছে তাদের তালিকা প্রস্তুত করার নির্দেশ এসেছে রাজ্য সরকারের পক্ষ থেকে। জেলার ১২ টি ব্লকে প্রশাসনিক স্তরে এখন ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে। এই অবস্থায় প্রশ্ন, আবাসের প্রথম কিস্তির টাকা পাবার পরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে তাঁরা কি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না ? নাকি তাঁদের প্রথম কিস্তির টাকাও ফেরত দিতে হবে ? জেলা প্রশাসনের আধিকারিকরা এ বিষয়ে মুখ খুলতে চাননি। 
জানা গেছে, যারা আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তাঁদের মধ্যে কতজনের নাম এসআইর প্রক্রিয়ায় বাদ গেছে সেই নামের সংখ্যা চাওয়া হয়েছে। এদিকে জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আবাস উপভোক্তাদের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। ১২ টি ব্লকে মোট ১ লক্ষ ৯১ হাজার উপভোক্তার নাম রয়েছে তালিকায়। প্রকল্প পরিদর্শনের কাজ যেসব সরকারি কর্মী করছেন তাঁদের থেকে জানা গেছে নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা দিয়ে ঘরের ৫০ শতাংশ কাজ করার পরে তিন মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা পাবার কথা। নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা দেওয়ার পরে তিন মাস পার হয়েছে। স্বাভাবিক নিয়মে উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাবার কথা। এই পরিস্থিতিতে বর্তমান রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় নাম বাদ পড়া নাগরিকরা আশঙ্কায় রয়েছেন। উদ্বেগ বাড়ছে সাবেক ছিটমহলেও। সেখানে নাম বাদের সংখ্যা বেশি। কোচবিহারের ঢাংঢিংগুড়ি পঞ্চায়েতের ধর্মবরেরকুঠি এলাকার বাসিন্দা হানিফ হক বলেন, ‘‘ঘরের প্রথম কিস্তির টাকা পেয়ে কাজ করেছি। আশায় ছিলাম দ্বিতীয় কিস্তির টাকা পেলে বর্ষার আগে ঘর তোলা হবে। কিন্তু এসআইআরে ছেলেরা পাশ করে গেলেও আমি ও স্ত্রী মনোরা বিবি ‘ফেল’ করেছি ! আমাদের নাম ওঠেনি। এখন শুনছি আমাদের জন্য বরাদ্দ আসবে না। ট্রাইবুনালে আবেদন করেছি। ভোট দিতে পারিনি। ঘরের টাকাও পাবো না !’’

প্রসঙ্গত, এসআইআর শুরুর আগে জেলায় মোট ভোটার ছিল ২৪ লক্ষ ৯০ হাজার ৭৮৯ জন। পরে মৃত ও স্থানান্তরিত ভোটার বাদ যায় ১ লক্ষ ১৩ হাজার ৩৭০ জন। দ্বিতীয় ধাপে অভিযোগের ভিত্তিতে আরো ৮৪২৬ জনের নাম বাদ পড়ে। অবশিষ্ট ভোটারের থেকে বিবেচনাধীন তালিকায় ঢুকে পড়েন ২ লক্ষ ৩৮ হাজার ১০৭ জন। সেখান থেকে ১ লক্ষ ২০ হাজার ৭২৫ জনের নাম তালিকা থেকে বাদ গেছে। ব্লক আধিকারিকরা খুঁজে দেখছেন বাদ যাওয়াদের মধ্যে কতজন উপভোক্তা রয়েছেন।

Comments :0

Login to leave a comment