Bangladesh DUET Unrest

বাংলাদেশে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উত্তাল ‘ডুয়েট‘

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে সোমবারও উত্তাল গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাস। 
ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করে দিয়ে ভেতরে সোমবার সকাল ১০টা থেকেই বিক্ষোভ শুরু হয়। ক্যাম্পাসের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। 
ডুয়েটের একটি সূত্র জানিয়েছে, নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল গাজীপুরেই রয়েছেন। অন্যদিকে শিক্ষার্থীরা ঘোষণা করেছেন যে নতুন উপাচার্যকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।
ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তৈয়ব বলেন, ছাত্রছাত্রীদের আমরা বোঝানোর চেষ্টা করছি। 
ছাত্রছাত্রীরা জানান, সোমবার প্রধান ফটকে তালা দিয়ে আমরা ‘ব্লকেড‘ কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। 
দায়িত্ব গ্রহণের বিষয়ে নতুন উপাচার্য অধ্যাপক ড. মহাম্মদ ইকবাল জানিয়েছেন, সরকার তাঁকে নিয়োগ দেওয়ার পর তিনি যোগদান করেছেন। আলোচনার মাধ্যমেই তিনি উপাচার্যের কার্যালয়ে যাবেন।
মহানগরের সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, যে কোনো ‎অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
রবিবার নতুন উপাচার্যের যোগদান ঘিরে দুই ছাত্র সংগঠন ছাত্রশিবির ও ছাত্রদল-সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে পুলিশ সহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। 
ছাত্রদলের অভিযোগ, ছাত্রশিবির পরিকল্পিতভাবে ক্যাম্পাসে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। আবার ছাত্র শিবিরের অভিযোগ, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল ও বহিরাগত সন্ত্রাসীরা সংঘবদ্ধ হামলা চালিয়েছে।

Comments :0

Login to leave a comment