Erosion

মূর্তি নদীর ভাঙন, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

জেলা

ডুয়ার্সের মূর্তি নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার সকালে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল নাগরাকাটা ব্লকের পানঝোরা এলাকার বাসিন্দারা। প্রায় ঘণ্টাখানেক অবরোধের জেরে চালসা-নাগরাকাটা জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাস্তার দুই প্রান্তে আটকে পড়ে অসংখ্য যানবাহন। যার ফলে নিত্যযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই পানঝোরা সংলগ্ন এলাকায় মূর্তি নদীর ভাঙন চলছে। কিন্তু গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। নদীর ভাঙন এখন জনবসতি এলাকার একেবারে কাছে চলে এসেছে।গ্রামবাসীদের আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে নদীবাঁধ ভেঙে পুরো এলাকা তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে এর আগেও একাধিকবার প্রশাসন ও সেচ দপ্তরের দ্বারস্থ হয়েছেন তাঁরা। কিন্তু অভিযোগ,দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই এদিন সকালে চালসা - নাগরাকাটা গামী জাতীয় সড়কের মূর্তি সেতু এলাকায় পথ অবরোধে নামেন ক্ষুব্ধ বাসিন্দারা।
ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি এলাকায় পৌঁছায় নাগরাকাটা থানার পুলিশ ও প্রশাসনিক কর্তারা।অবরোধকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়। দ্রুত মূর্তি নদীর ভাঙন রোধে মেরামতির কাজ শুরু করা হবে।প্রশাসনের এই আশ্বাসের পরেই অবরোধ তুলে নেন বাসিন্দারা। তবে এলাকাবাসীর স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত কাজ শুরু না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

Comments :0

Login to leave a comment