মাথাভাঙা থানার পখিহাগা বাজারের ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু, বাড়ির কাছের জঙ্গল থেকে উদ্ধার হল মৃতদেহ। মাথাভাঙ্গা মহকুমার পখিহাগা এলাকার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ভোরে বাড়ি থেকে প্রায় আধ কিলোমিটার দূরের একটি জঙ্গল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম মনিরাম দাস(৩৫)। তিনি অন্দরান পখিহাগা এলাকার বাসিন্দা এবং স্থানীয় বাজারে মুদির দোকান করতেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফেরেন মনিরাম। বাড়িতে স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর নিজের মোবাইল ফোন ও মোটরবাইক নিয়ে আবার বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি।
মৃতের পরিবারের দাবি, রাত প্রায় আড়াইটার সময় মনিরাম তাঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। তখন তিনি জানান, বৃষ্টির কারণে বাড়ি ফিরতে দেরি হচ্ছে এবং তিনি শীঘ্রই বাড়ি ফিরবেন। কিন্তু এরপর আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
বুধবার ভোর প্রায় ৪টা নাগাদ স্থানীয় বাসিন্দা অনন্ত বর্মন প্রথমে পরান সরকারের বাড়ির সামনে একটি জঙ্গলের মধ্যে মনিরামের দেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যরা মনিরামের নিথর দেহ দেখতে পান।
মৃতের ভাই ফনি রাম দাস এবং বোনের বর প্রলয় সরকার জানান, দেহে দৃশ্যমান কোনও আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডলের রঙের অস্বাভাবিক পরিবর্তন দেখা গিয়েছে। সেই কারণেই পরিবারের সন্দেহ, এটি শুধুমাত্র স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে। মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ বা অপরাধমূলক ঘটনার যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে, মাথাভাঙা মহকুমা হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতদেহে বাইরে থেকে আঘাতের স্পষ্ট কোনও চিহ্ন মেলেনি। প্রাথমিক পর্যবেক্ষণে হৃদরোগজনিত কারণে মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই স্পষ্ট হবে।
Mysterious Death
ব্যবসায়ীর রহস্য মৃত্যু মাথাভাঙায়
×
Comments :0