Jamaldah

কাটমানি ফেরতের দাবিতে পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও, বিক্ষোভ জামালদহে

জেলা

ফের কাটমানি ফেরতের দাবিতে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা! ছোঁড়া হল ডিম-ইট-পাথরও। চরম উত্তেজনা উত্তেজনা মেখলিগঞ্জের জামালদহে। গ্রামবাসীদের অভিযোগ বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে নিয়মিত যাচ্ছেন না তৃণমূলের প্রধান। ফলে বিভিন্ন সরকারি পরিষেবা ব্যাহত হচ্ছে। তাদের অভিযোগ আবাস যোজনার ঘর পাইয়ে দিতে লক্ষ লক্ষ টাকা তুলেছেন প্রধান নিজেই! বুধবার তৃণমূল পরিচালিত জামালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা বর্মনের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দাদের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে জামালদহ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকেই বহু মানুষ প্রধানের বাড়ির সামনে জড়ো হতে শুরু করেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা সঠিকভাবে মিলছে না। জব কার্ড সংক্রান্ত অনিয়ম, বিভিন্ন প্রকল্পে কাটমানি নেওয়া এবং সেই টাকা ফেরতের দাবিসহ একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, প্রধানের বাড়ি লক্ষ্য করে পচা ডিম, জলের বোতল, ইট ও পাথর ছোঁড়া হয়। এমনকি বাড়িতে হামলার চেষ্টাও করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত জনতার একাংশের ক্ষোভ ক্রমশ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। ঘটনার সময় বাড়িতেই ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা বর্মন এবং তাঁর স্বামী দীননাথ বর্মন। হঠাৎ বিক্ষোভকারীদের আক্রমণাত্মক মনোভাব দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন বলে জানা গিয়েছে। বাড়ির চারপাশে ডিম ছোঁড়া হয় এবং চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ প্রসঙ্গে প্রধান গীতা বর্মন জানান, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থতার কারণে নিয়মিত পঞ্চায়েতে যেতে পারছেন না। 
বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়েই তাঁরা প্রতিবাদে নেমেছেন। তাঁদের অভিযোগ, পঞ্চায়েতে সাধারণ মানুষের কাজ পড়ে থাকলেও প্রধানের দেখা মেলে না।
খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় এবং উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।

Comments :0

Login to leave a comment