Swapna Burman

থানায় তৃণমূলের প্রার্থী স্বপ্না, চলল বিক্ষোভও

জেলা

জলপাইগুড়ির কোতোয়ালি থানায় স্বপ্না বর্মন। চলল বিক্ষোভও।

এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট এবং রাজগঞ্জের পরাজিত তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের পুরনো বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। 
শুক্রবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে স্বপ্না দাবি করেন যে দুষ্কৃতীরা তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।
শনিবার সকালে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করতে যান স্বপ্না বর্মন। সেই সময় তাঁর গ্রামের একদল বাসিন্দা থানার সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ভোটের আগে ও পরে এলাকায় ভয়ভীতি ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছিল। 
এক প্রবীণ গ্রামবাসীর দাবি, তৃণমূলকে ভোট না দিলে হাত কেটে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। কয়েকজন প্রতিবেশী অভিযোগ করেন, গ্রামের যুবকদের বিরুদ্ধে একাধিকবার থানায় অভিযোগ করে হয়রানি করা হয়েছে।
অন্যদিকে, স্বপ্না বর্মন বলেন, “প্রথমে বিষয়টি মজা বলে মনে হয়েছিল। পরে গিয়ে দেখি বাড়িতে আগুন জ্বলছে।”
ঘটনাকে ঘিরে এলাকায় জোর জল্পনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ভোটে পরাজয়ের পর সহানুভূতির হাওয়া টানতেই এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা চলছে। ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে এলাকায়।

Comments :0

Login to leave a comment