Rahul Gandhi

‘ভয়ে ঘুম হচ্ছে না জ্ঞানেশ কুমারের’, মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা রাহুলের

জাতীয়

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিরোধী জোট ইন্ডিয়ার নেতৃত্বে চলা আন্দোলনের আবহে জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে রাহুলের দাবি, ‘ভয়ে রয়েছেন জ্ঞানেশ কুমার। তার ঘুম হচ্ছে না।’ একই সঙ্গে, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে পিটিশন জমা দেওয়ার কথা ঘোষণা করেছে বিরোধী জোট।
ভোটার তালিকা সংশোধনের নামে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে বিরোধীরা। সেই অভিযোগকে সামনে রেখে সোমবার দিল্লির বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত পদযাত্রার ডাক দেয় ইন্ডিয়া। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্মারক লিপি নিতে অস্বীকার করেছেন।
এদিন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী সাধারণ মানুষকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। তার আবেদন, পদযাত্রায় অংশ নেওয়ার সময় জাতীয় পতাকা সঙ্গে রাখতে হবে। আন্দোলনের পরিধি বাড়িয়ে সমাজের বিভিন্ন অংশের মানুষকে যুক্ত করাই বিরোধীদের নতুন কৌশল বলে রাজনৈতিক মহলের একাংশের মত।
আন্দোলনকারীদের উপর পুলিশি বলপ্রয়োগের অভিযোগ তুলে রাহুল গান্ধী দাবি করেন, পুলিশের একটা বড় অংশের মধ্যেও এই আন্দোলনের প্রতি সহানুভূতি রয়েছে। তার দাবি, অন্তত ৫০ শতাংশ পুলিশকর্মী বিক্ষোভকারীদের বলেছেন যে তারা সঠিক কাজ করছেন।
রাহুলের বক্তব্য, পুলিশের মারধরে আন্দোলনকারীরা ক্লান্ত হয়ে পড়লেও পুলিশকর্মীরাও ক্লান্ত। তার দাবি, পুলিশের মধ্যেও প্রশ্ন উঠছে জ্ঞানেশ কুমারের মতো একজনকে কেন আড়াল করা হচ্ছে? 
আন্দোলন থামবে না বলে হুঁশিয়ারি দিয়ে রাহুল বলেন, এই লড়াই কয়েক দিন, কয়েক সপ্তাহ, কয়েক মাস কিংবা কয়েক বছর ধরে চলতে পারে। যত সময়ই লাগুক, তারা পিছিয়ে আসবেন না বলেও জানান কংগ্রেস সাংসদ।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে রাহুল আরও দাবি করেন, কেন্দ্রীয় সরকারের ভিতরের প্রায় ২০০ জন আধিকারিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন তথ্য সরবরাহ করছেন। 
তিনি বলেন, সমস্ত প্রতিবাদ আসলে একই বৃহত্তর আন্দোলনের অংশ। সংবিধান রক্ষার প্রশ্নে যারা পথে নামছেন, তাদের পাশে থাকার বার্তাও দেন তিনি।

Comments :0

Login to leave a comment