Women Dhaki From Patuli

মহড়া নিয়েও ডাক না পাওয়ায় হতাশ পাটুলির মহিলা ঢাকিরা

জেলা

পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পাটুলি মধুপুরের মহিলা ঢাকিদের কাছে ঢাক বাজনার শখ কেবল ঐতিহ্যের প্রতীক নয়, বরং পরিবারকে আর্থিক সাহায্য করার এক স্বনির্ভরতার নতুন পথ। সংসার সামলে হাতে তুলে নিয়েছেন ঢাক, নিজেদের দক্ষতায় তৈরি করেছেন আলাদা পরিচয়। সেই মহিলা ঢাকিরা এই বছরের শারদীয়ায় ঢাক বাজাবেন বলে প্রস্তুতি নিয়েছিলেন। পুজোর মরশুমে ঢাকের বোলে মুখরিত করে তোলার আশায় দিন গুনছিলে। কিন্তু এখনও পর্যন্ত ডাক না পাওয়ায় চরম হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন পাটুলির মহিলা ঢাকীরা। পূর্বস্থলী দুই ব্লকের পাটুলির মধুপুর দাসপাড়ায় পুরুষ ঢাকি দলের পাশাপাশি বেশ কয়েক বছর আগে তৈরি হয়েছিল মহিলা ঢাকির দল। রাজ্য তো বটেই ভিন রাজ্যে গিয়েও মহিলারা দক্ষতার সঙ্গে ঢাক বাজিয়ে এসেছেন। গত বছরও সেকেন্দ্রাবাদে অতি সুনামের সঙ্গে ঢাক বাজিয়েছিলেন। কিন্তু এবছর শারদীয় উৎসব শুরু হওয়ার আর মাত্র কয়েকদিন বাকি। ঢাক বাজানোর মহড়া নিয়মিত নিয়ে অপেক্ষা করলেও আজও পর্যন্ত তাদের কোন ডাক আসেনি। মহিলা দলের নেত্রী শিখা দাস জানালেন, ‘‘এবছর উড়িশায় ঢাক বাজানোর ডাক এসেছিল, কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করেছি। কারণ ঢাক নিয়ে ট্রেনে যাতায়াত করা খুবই অসুবিধা। তাই ভেবেছিলাম কাছাকাছি ডাক আমরা পাবোই। কিন্তু আমাদের সেই আশা এখনও পর্যন্ত পূরণ হয়নি। আমরা এই পেশাটা বেছে নিয়েছিলাম নিজ নিজ সংসারে কিছুটা আর্থিক সাহায্য করার জন্য।’’ এই পাড়ার ঢাকি খুকুরানি দাস, চামেলি দাস, দাসীবাণী বাগ, কমলা দাস, কণিকা দাস প্রমুখরা খুবই হতাশ। কারণ নিয়মিত ঢাক বাজানোর মহড়া নিয়েও এবছর এখনও পর্যন্ত কোনো ডাক আসেনি।

Comments :0

Login to leave a comment