জেলা শহরের বিবেকানন্দ পল্লি এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয়ে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই নক্কারজনক ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। গেরুয়া শিবিরের কার্যালয়ের অন্দরে এই ধরণের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বিবেকানন্দ পল্লি এলাকার ওই বিজেপি কার্যালয় থেকে এক মহিলার আর্তচিৎকার শুনতে পান প্রতিবেশীরা। সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যান। ভেতরে ঢুকতেই অভিযুক্ত ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে পাকড়াও করেন তাঁরা। উত্তেজিত জনতা অভিযুক্তকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
এলাকাবাসীর দাবি, ধৃত ব্যক্তি এলাকায় বিজেপির একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। ওই দলীয় কার্যালয়েই সে নিয়মিত রাত কাটাত। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। একইসঙ্গে নির্যাতিতা মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানানো হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবারই ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।
ঘটনার প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো পারিপার্শ্বিক তথ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
দলীয় কার্যালয়ের ভেতরে এই ধরণের ঘৃণ্য অপরাধের ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে বাম-সহ বিরোধী শিবির। তাঁদের বক্তব্য, যারা নারীর নিরাপত্তা নিয়ে বড় বড় কথা বলে, তাদেরই কার্যালয়ের ভেতরে এমন ঘটনা কদর্য মানসিকতার পরিচয় দেয়। যদিও বিজেপি নেতৃত্ব এই ঘটনায় অস্বস্তিতে পড়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ।
Jalpaiguri
জলপাইগুড়িতে বিজেপি কার্যালয়ে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
×
Comments :0