Dhupguri AIKS Rally

কৃষকসভার সম্মেলনে সমাবেশ ধূপগুড়িতে

জেলা

ধূপগুড়িতে কৃষক সভার ৩৯তম ব্লক সম্মেলনে জনসভায় শতরূপ ঘোষ।

কৃষক-খেতমজুরদের দাবি নিয়ে গড়তে হবে আন্দোলন। তার জন্য গড়তে হবে জোরদার সংগঠন। ধূপগুড়িতে সারা ভারত কৃষক সভার ৩৯তম ব্লক সম্মেলন উপলক্ষে আয়োজিত জনসভায় এই বার্তা দিলেন বামপন্থী নেতা শতরূপ ঘোষ।
শনিবার মাগুরমারী-২ গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গী ক্লাবের মাঠে আয়োজিত সভায় তৃণমূলের সাম্প্রতিক গোষ্ঠী-সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘দুটো ফুলের একটা এদিকে, একটা ওদিকে দিয়ে দিলেই তো পারত!’’ 
শতরূপ বলেন, ‘‘আমরা নন্দীগ্রামে লড়াই করছি। প্রতিপক্ষকে জেলে ঢুকিয়ে চোরা পথে জেতার রাজনীতি আমরা করি না। সামনাসামনি লড়াইয়ে হয় জিতব, না হলে মাথা উঁচু করে হারব।’’ 
তিনি বলেন, ‘‘আমাদের মূল লড়াই বিজেপি’র বিরুদ্ধে। তৃণমূল কী করবে বা না করবে, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই।’’ কৃষক-খেতমজুরদের দাবি নিয়ে আন্দোলন আরও জোরদার করার পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন কৃষক সভার ব্লক সভাপতি মেহেবুব আলম। বক্তব্য রাখেন কৃষক সভার জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রাণগোপাল ভাওয়াল এবং ব্লক সম্পাদক দুর্গাচরণ রায়। কৃষক-খেতমজুরদের বিভিন্ন দাবি এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Comments :0

Login to leave a comment