রাজ্যের বিভিন্ন আদালতে কর্মরত বিচারপতিদের ছুটি বাতিল করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের এসআইআর সংক্রান্ত নির্দেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ মার্চ পর্যন্ত ছুটি বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রধান বিচারপতি সুজয় পাল নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠকে ছিলেন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের ডিজি, অ্যাডভোকেট জেনারেল এবং কেন্দ্রের সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল।
গত শুক্রবার সুপ্রিম কোর্ট এসআইআর প্রক্রিয়ায় ‘লজিক্যাল ডেসক্রিপান্সি‘ বা ‘যুক্তিগ্রাহ্য অসঙ্গতি’ সংক্রান্ত নোটিশের ভিত্তিতে ভোটদাতাদের জমা নথি পরীক্ষায় বিচারবিভাগকে যুক্ত করতে বলেছে। জেলা আদালতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত বিচারপতিদের নথি পরীক্ষায় কমিশনকে সহযোগিতা করার জন্য ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে হাইকোর্টকে। বিশেষ বৈঠকেরও নির্দেশ দেয় শীর্ষ আদালত। ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে নেওয়া ‘অস্বাভাবিক‘ সিদ্ধান্ত আখ্যা দিয়েছে এই ব্যবস্থাকে।
হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে জেলা এবং দায়রা আদালতের বিচারপতি, প্রধান বিচারপতি, অতিরিক্ত জেলা বিচারপতি এবং ডেপুটেশনে রয়েছেন এমন বিচারপতিদেরও ৯ মার্চ পর্যন্ত ছুটি না নিতে নির্দেশ দিয়েছেন।
সেই সঙ্গে সিবিআই আদালত, বাণিজ্য আদালত, পকসো, সাংসদ-বিধায়কদের বিচারের বিশেষ আদালত, নগর দায়রা আদালতের শারীরিক অসুস্থতা জনিত কারণ ছাড়া ছুটি না নিতে বলা হয়েছে।
এদিকে রাজ্যে নির্বাচনে প্রস্তুতি খতিয়ে দেখতে দফায় দফায় বৈঠক করছে নির্বাচন কমিশন। এসআইআর তালিকা ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত হওয়ার কথা। তার পরই মার্চের গোড়ায় ভোটের সূচি ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।
SIR High Court
এসআইআর’র কাজে ৯ মার্চ পর্যন্ত বিচারপতিদের ছুটি বাতিল হাইকোর্টের
×
Comments :0