ভোটাধিকার রক্ষার দাবিতে বুধবার সিইও দপ্তর অভিযান করে সিপিআই(এম) সহ বামপন্থী দলগুলি। অভিযান শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হন সিপিআই(এম) রাজ্য সম্পদক মহম্মদ সেলিম। তিনি বলেছেন যে সিইও দপ্তরের বাইরে লাগাতার ধর্ণা, অবস্থান চলবে।
এদিন সেলিম বলেন, "নির্বাচন কমিশন সংবিধান, আইন না মেনে আরএসএস-বিজেপির পরিকল্পনা মাফিক বিধানসভা ভোটের আগে এসআইআরের নামে সাধারণ মানুষকে নির্যাতন করছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলেও সেখানে ৬০ লক্ষ্য মানুষ বিবেচনাধীন। এখন রাজ্য প্রশাসনের নিচুতলার কর্মী থেকে কেন্দ্রীয় প্রশাসনের সব কর্মীরা ফেল করেছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারা তথ্য পেয়েও আপলোড করেনি। রাজ্য সরকারের অফিসাররা যেহেতু এসআইআর কাজে ব্যস্ত তাই অনেকেই যে ডকুমেন্ট চেয়েছিলো সাধারণ মানুষ তা নিয়ে আসতে পারেনি। গরিব মানুষ সবার হাতের কাছে তো সব তৈরী করা থাকেনা, আর যারা দিলো তাদের ডকুমেন্ট লোড করা হলোনা।"
তিনি বলেন, "এখন বলছে বিচারাধীন। যারা কয়লাচুরি, বালিচুরি, চাকরিচুরি করলো তারা বিচারাধীন নয়, আর যারা সাধারণ গরিব মানুষ যারা কোনও দোষ করেনি তাদের বলছে বিচারাধীন। এই জন্য আমরা আজকে অভিযান করছি, বলছি দ্রুত এর সমাধান করতে হবে। একজনের নামও বিচারাধীন রাখা যাবে না। বাংলাকে আসাম বানানো যাবে না। সেইসঙ্গে, যারা এর জন্য দায়ী তাদের স্বস্তি দিতে হবে।"
তিনি আরও বলেন, "সাধারণ মানুষের রাগ ক্ষোভ বাড়ছে। এখন সংখ্যালঘু, মতুয়া, প্রান্তিক মানুষ, বিবাহিত মহিলা তাদের এখন টার্গেট করা হয়েছে। বিধানসভা, বুথ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, কী ভাবে আরএসএস 'র গেম প্ল্যান সর্বভারতীয় নেতৃত্ত্ব এবং রাজ্য প্রশাসন মিলে তাকে সফল করছে।"
Comments :0