শ্রমিক শ্রেণি ও কমিউনিস্ট জীবনের নানা সংগ্রাম ও তার মোকাবিলার বাস্তব চিত্র প্রতিফলিত হয়েছে মহম্মদ আমিন-এর লেখার মধ্য দিয়ে- যা সেই সময়ের গোটা দেশের এক সামগ্রিক চিত্রকে তুলে ধরেছে। শুধু তাই নয় তাঁর লেখায় ধর্মীয় বিভাজনের বিরোধিতা করে দেশের ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক সমন্বয়ের কথা বারেবারেই এসেছে, এসেছে ন্যায্য অধিকার আদায়ের কথা- যা এই সময়ে বড় বেশি প্রাসঙ্গিক। এই বই নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে নিয়ে যেতে হবে। রবিবার শ্রমিক আন্দোলন ও কমিউনিস্ট আন্দোলনের প্রয়াত নেতা, মহম্মদ আমিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মজীবনীর ইংরেজি অনুবাদ ‘দ্যা ওয়ার্লড উইদিন মি’- বইটির প্রকাশ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একথা বলেছেন।
এদিন হাসিম আবদুল হালিম ফাউন্ডেশন-এর উদ্যোগে ইরান সোসাইটি-র ডা. মহম্মদ ইশাক হল-এ প্রকাশিত হয় মহম্মদ আমিন রচিত ‘দ্য ওয়ার্লড উইদিন মি- অ্যান অটোবায়োগ্রাফি অব এ কমিউনিস্ট’ বইটির ইংরেজি অনুবাদ। মহম্মদ সেলিম ও বিমান বসু ছাড়াও উপস্থিত ছিলেন সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি অনাদি সাহু, ডা. ফুয়াদ হালিম, অধ্যাপক জাদ মাহমুদ, ডা. মনসুর আলম, দিপ্সীতা ধর, বইটির ইংরেজি অনুবাদক ও মহম্মদ আমিন-এর পৌত্র ইমতিয়াজ আখতার, সায়রা শাহ হালিম প্রমুখ।
মহম্মদ সেলিম বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই লেখনীর মধ্য দিয়ে একটা সময়ের প্রবাহকে ধরার চেষ্টা করেছেন মহম্মদ আমিন। কমিউনিস্ট ইতিহাস ও শ্রমিক আন্দোলনের সেইসব ইতিহাস, অতীত সংগ্রামের তথ্যাবলী নতুন প্রজন্মের ছেলেমেয়েদের অবশ্যই পাঠ করা উচিৎ। মহম্মদ আমিন পড়াশোনা করতেন, তা থেকে শিক্ষা নিতেন এবং তার প্রয়োগ করতেন। তিনি সংগঠন গড়ে তুলতেন, তাকে আরও শক্তিশালী করতেন, শ্রমিকদের জন্য অধিকার আদায় করে নিতেন। নিজে অত্যন্ত সাধারণভাবে জীবন যাপন করতেন, তাঁর ধ্যান জ্ঞান ছিল শ্রেণি সংগ্রাম ও শ্রেণি চেতনার বিকাশ ঘটানো।
বিমান বসু বলেন, মহম্মদ আমিন যে সাধারণ মানুষ, শ্রমিক সমাজের বড় বন্ধু ছিলেন, তা আমরা জানি। কিন্তু এই লেখার মধ্য দিয়ে আরও বেশি করে অনেক কিছু জানা যাচ্ছে। নিজের জীবনের অভিজ্ঞতা, বিভিন্ন সংগঠন গড়ে তোলার অভিজ্ঞতা লিখেছেন অত্যন্ত সাবলীলভাবে।
অনাদি সাহু বলেন, শ্রমিক নেতা হিসেবে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন মহম্মদ আমিন। অন্যায়ের প্রতিবাদ জানাতে কখনোও কুন্ঠিত হতেন না।
Mohammed Amin
মহম্মদ আমিনের আত্মজীবনীর ইংরেজি অনুবাদ প্রকাশিত
×
Comments :0