Amta Farmers

অন্নপূর্ণা ভাণ্ডার, বিডিও দপ্তর অভিযান কৃষকসভা-খেতমজুর ইউনিয়নের

জেলা

আমতা-২ নম্বর ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে বিক্ষোভ সারা ভারত কৃষক সভা এবং সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের। ছবি: মনিরুলহক

অন্নপূর্ণা ভাণ্ডার সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার আমতা-২ নম্বর ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে অভিযান ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সারা ভারত কৃষক সভা এবং সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন। কর্মসূচিকে ঘিরে বিডিও অফিস চত্বরে জড়ো হন বহু মানুষ। ডেপুটেশন চলাকালীন অফিসের বাইরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সভা।
বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কৃষক সভার হাওড়া জেলা সভাপতি ষষ্ঠী মাজি, খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের হাওড়া জেলার সম্পাদক সন্তোষ অধিকারী, গণ আন্দোলনের নেতা শেখ মিরাজউদ্দিন এবং শ্রমিক নেতা বরুণ পোড়ল। সভা পরিচালনা করেন দুর্গাদাস হাজরা।
এরপর জসিমউদ্দীন মল্লিকের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বিডিও-র কাছে দাবিপত্র জমা দেয়। প্রতিনিধি দলে ছিলেন সৌরভ মণ্ডল, তরুলতা বেরা,  বরুণ মল্লিক-সহ অন্নপূর্ণা যোজনায় বঞ্চিতদের পক্ষ থেকে পাপিয়া মান্না ও খায়রুন্নেশা বেগম।
দাবিপত্রে বলা হয়েছে যে গ্রামীণ মানুষের জীবন-জীবিকা ও সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলি তৈরি হয়েছে তার সমাধান অবিলম্বে করতে তবে। বিশেষ করে অন্নপূর্ণা যোজনায় বঞ্চিতদের সমস্যা-সহ একাধিক দাবি নিয়ে বিডিও-র কাছে স্মারকলিপি দেওয়া হয়। দাবিগুলি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment