Hadi Murder

হাদি হত্যায় নদীয়া থেকে গ্রেপ্তার আরও এক

রাজ্য

বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের সীমান্ত পেরিয়ে ভারতে যেতে সহযোগিতা করার অভিযোগে ফিলিপ সাংমা গ্রেপ্তার। শনিবার ভোরে নদীয়া জেলার শান্তিপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। হাদি হত্যার অভিযোগে গত ৮ মার্চ উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে ফয়সাল মাসুদ করিম ও আলমগীর শেখকে গ্রেপ্তার করে স্পেশ্যাল টাস্ক ফোর্স। এসটিএফ সূত্রে জানা গেছে, ফয়সালদের জেরা করে উঠে এসেছে ফিলিপ সাংমার নাম। তিনি বাংলাদেশের ময়মনসিংহের হালুয়াঘাটে বাসিন্দা। অভিযোগ ফিলিপের সাহায্যেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মেঘালয়ে ঢুকে পড়েন ফয়সাল ও আলমগীর। 
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ফিলিপ সাংমাকে। জিজ্ঞাসাবাদে সাংমা পুলিশকে জানিয়েছে টাকার বিনিময়ে বাংলাদেশের হালুয়াঘাট ও মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকেদের পারাপার করান। একইভাবে তার সাহায্যে বাংলাদেশ ছেড়েছিলেন ফয়সালরাও। সে পুলিশকে জানিয়েছে হাদি-খুনে অভিযুক্তদের খোঁজে যখন বাংলাদেশে তোলপাড় শুরু হয়, তখন ফিলিপও হালুয়াঘাট-ডালুপাড়া সীমান্ত দিয়ে ভারতে চলে আসে। সাংমা জানিয়েছেন, বিগত কয়েক দিন ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন তিনি। বারবার বদলেছেন ঠিকানা। বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ফিলিপ। তার আগেই  পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয় তাকে। শনিবার সাংমাকে আদালতে তোলা হলে বিচারিক তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Comments :0

Login to leave a comment