নতুন আলু ওঠার সময় বাজারে আলুর দাম না থাকায় মাথায় হাত পড়েছে পূর্ব বর্ধমান জেলার আলু চাষীদের। ৫০ কেজি আলু বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা। এক বিঘা জমিতে আলুর উৎপাদন খরচ ৩৫ হাজার টাকা, বর্তমান বাজারে এক বিঘা জমির আলু তুলে বিক্রি করে পাওয়া যাচ্ছে ১৭ থেকে ১৮ হাজার টাকা। এমনই দাবি আলু কৃষকদের।
কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী বর্ধমান জেলায় আলু চাষ হয়েছে ৬৫ হেক্টর জমিতে এবং কৃষি প্রধান কালনা মহাকুমার পাঁচ ব্লকে আলু চাষ হয়েছে ২০ হাজার হেক্টর জমিতে। ফলে বর্তমান আলুর বাজার অনুযায়ী কৃষকরা বিরাট লোকসানের মুখে পড়েছেন। এই অবস্থায় আলু চাষীদের বাঁচানোর লক্ষ্যে সারা ভারত কৃষক সভা বেশ কয়েকটি দাবি উত্থাপন করে আন্দোলনে নেমেছে। কৃষক সভা দাবি করেছে, সরকারকে ১২০০ টাকা কুইন্টাল দরে আলু কিনতে হবে। বিভিন্ন রাজ্য বা ভিন্ন দেশে আলু রপ্তানির ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতে হবে। আলু থেকে উৎপন্ন দ্রব্যের কারখানা খুলতে হবে।
ইতিমধ্যেই বহু কৃষক বাজারের ঋণ পরিশোধ করতে কম দামেই আলু বিক্রি করে ফেলছেন। আবার কেউ কেউ হিমঘরে মজুত রাখার চেষ্টা করছেন ভবিষ্যতে দাম বাড়ার আশায়। এই পরিস্থিতির উন্নতি না হলে কৃষকদের আর্থিক সংকট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে নিশ্চিত।
Comments :0