MD SELIM bankura

নির্বাচনী লড়াইয়ে সব মহল্লায় পৌঁছানোর ডাক সেলিমের

রাজ্য জেলা

বৃহস্পতিবার বাঁকুড়া কমরার মাঠে পার্টির কর্মী সভায় বলছেন মহম্মদ সেলিম।

মধুসূদন চ্যাটার্জি:

পশ্চিমবাংলাকে পুনরুজ্জীবিত করতে গেলে বামপন্থীদের শক্তিশালী করুন। বাংলা বাঁচলে দেশ বাঁচবে। তাই আগামী বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট, বামপন্থী, সম মনোভাবাপন্ন, গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে একত্রিত করে বাংলার আকাশে নেমে আসা কালো মেঘকে সরাতেই হবে। এই কাজে সিপিআই(এম)-র সমস্ত স্তরের কর্মী, সমর্থকদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। বৃহস্পতিবার বিকালে বাঁকুড়া শহরের কমরার মাঠে ও বেলিয়াতোড়ে কমরেড অশ্বিনী রাজ কমিউনিটি হলে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম)-র দুটি কর্মী সভায় এই আহ্বান রাখেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 
এদিন বেলিয়াতোড়ে বড়জোড়া বিধানসভা ও বাঁকুড়ায় বাঁকুড়া, ওন্দা, ছাতনা ও শালতোড়া এই চার বিধানসভা এলাকার পার্টি কর্মী, সমর্থক, দরদিদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। চারটি বিধানসভা এলাকা থেকেই বহু মানুষ হাজির হয়েছিলেন। 
কর্মী সভার শুরুতেই বাঁকুড়ায় কর্মীদের উপস্থিতি দেখে মহম্মদ সেলিম জানান, "কর্মীসভা একটা জনসভার চেহারা নিয়েছে। মানুষ চাইছেন রাজ্যের রাজনৈতিক পরিবর্তন। কাজ নেই, হিংসা, নির্যাতন, দুর্নীতিতে ভরে গেছে। কেউই নিরাপদ নয়। মানুষ এখান থেকে মুক্তি চাইছেন। বাংলা বাঁচাও যাত্রা, রাজ্যের সমস্ত জেলায় পাড়া, মহল্লাগুলিতে সিপিআই(এম) কর্মীরা মানুষকে সঙ্গে নিয়ে যে সভা গুলি করেছেন তাতে মানুষের সাড়া বিপুল। মানুষ এখন মুখ খুলছেন। মার্চ মাস জুড়েও এই বৈঠক হবে। বাংলায় এমন কোনও মহল্লা থাকবে না যেখানে লালঝান্ডার কর্মীরা পৌঁছাবে না। 
তিনি বলেন, "উত্তরবঙ্গের জলপাইগুড়িতে সিপিআই(এম)-র সভার আগে লালঝান্ডা খোলার চেষ্টা করেছিল। মানুষ তার মোক্ষম জবাব দিয়েছেন বিজেপিকে। তাই ঝান্ডার সঙ্গে আমাদের ঝান্ডাটা ঠিক রাখতে হবে। সব খেলা একরকম হয় না। হকি, ফুটবল, ক্রিকেট খেলা আলাদা আলাদা ভাবে হয়। তাই যে খেলার যে নিয়ম সেই নিয়ম মেনেই খেলতে হবে। সেই প্রস্তুতি নিতে হবে। আন্দোলনের তীব্রতা বাড়ালে প্রশাসনও সমঝে যায়। যেমন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের কাছে দুদিনের ধর্নায় পুলিশ বামকর্মীদের হটিয়ে দিতে চেয়েছিল। রুখে দাঁড়িয়েছিল লালঝান্ডা। প্রশাসনকে পিছু হাটতে হয়েছে। আমরা আমাদের দাবী জানিয়ে আসতে পেরেছি। মানুষ এই সিপিআই(এম) কেই চায় বলে জানান তিনি। 
তিনি জানান, বিজেপি-তৃণমূলের মধ্যে যে সেটিং রয়েছে তা মানুষের কাছে সোচ্চার হয়ে জানাতে হবে। যে মানুষজন নানা কারণে সরে গেছেন বা এখন সক্রিয় নন, অতীতে আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন, তাঁদের কাছে তো আমাদের যেতেই হবে। সঙ্গে নিতেই হবে তাঁদের। 
এদিন বেলিয়াতোড়ে বক্তব্য রাখেন পার্টির পলিট ব্যুরোর সদস্য রামচন্দ্র ডোম। এছাড়া দু জায়গাতেই বলেন পার্টির জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম, অজিত পতি। বাঁকুড়ায় সভা পরিচালনা করেন অভয় মুখার্জি, বেলিয়াতোড়ে যদুনাথ রায়। এদিন বাঁকুড়ার সভায় জ্যেতির্ময় বিশ্বাস ও নবিনা বিশ্বাস এই ভাইবোন নির্বাচনী তহবিলে মহঃ সেলিমের হাতে ৫ হাজার টাকা তুলে দেন।

 

Comments :0

Login to leave a comment