Ganashakti

প্রয়াত গণশক্তির প্রাক্তন সম্পাদক নারায়ণ দত্ত

রাজ্য

প্রায়ত কমরেড নারায়ণ দত্ত

প্রয়াত গণশক্তি পত্রিকার প্রাক্তন সম্পাদক কমরেড নারায়ণ দত্ত। আজ সকাল সাড়ে দশটায় বিদ্যাসাগর হাসপাতালে তিনি প্রয়াত হয়েছেন। গণশক্তি পত্রিকার শুরু থেকে তিনি যুক্ত ছিলেন। স্বাধীনতা পত্রিকার সাথেও তিনি যুক্ত ছিলেন। ছিলেন দীর্ঘদিন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য।
অত্যন্ত সাধারণ পরিবার থেকে কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হয়েছিলেন কমরেড নারায়ণ দত্ত। অভাবের মধ্যেও পার্টির আদর্শ, সংগ্রামের পথ ধরেই নিজের জীবন পরিচালিত করেছেন। 
সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার ফলে বাংলাদেশের বিভিন্ন প্রগতিশীল শক্তির সাথে তাঁর বিশেষ যোগাযোগ ছিল। সেদেশের রাজনৈতিক, সামাজিক পরিস্থিতি সম্পর্কে তিনি ওয়াকিবহাল ছিলেন। আন্তর্জাতিক সম্পর্ক, এশিয়া, বিশেষ করে পূর্ব এবং দক্ষিণ এশিয়ার ঘটনাক্রম সম্পর্কে গভীর পর্যবেক্ষণ ছিল।
গণশক্তির কর্মীদের প্রতি তাঁর ব্যবহার বরাবর ছিল পরিবারের একজনের মত। অনুজদের প্রতি ছিলেন স্নেহশীল। আবার তাঁদের রাজনৈতিক পরিচর্যায় থেকেছেন দায়িত্বশীল অভিভাবকের মতো। গড়ে তোলার চেষ্টা করে গিয়েছেন কর্মীদের, সংগঠনকে। 


বিকেল তিনটে নাগাদ কমরেড নারায়ণ দত্তের দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় সিপিআই(এম) রাজ্য দপ্তরে। সেখানে তাঁর দেহে মাল্যদান করেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। তারপর দেহ আনা হয় গণশক্তি ভবনে। সিপিআই(এম) রাজ্য দপ্তর মুজফ্‌ফর আহ্‌মদ ভবনে তাঁর দেহে রক্তপতাকা তুলে দেন প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসু। শ্রদ্ধা জানান পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, তপন সেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, গণশক্তি-র সম্পাদক  শমীক লাহিড়ী, গণশক্তি প্রিন্টার্সের পক্ষে বিমান ব্যানার্জি। 
শ্রদ্ধা জানান সিপিআই(এম) নেতা রবীন দেব, কল্লোল মজুমদার, সুদীপ সেনগুপ্ত, কৌস্তভ চ্যাটার্জি, শতরূপ ঘোষ প্রমুখ।
রাজ্য দপ্তর থেকে মিছিল করে তাঁর দেহ নিয়ে আসা হয় গণশক্তি দপ্তরে। সেখানে শ্রদ্ধা জানান গণশক্তি-র মুখ্য সাংবাদিক অজয় দাশগুপ্ত, বার্তা সম্পাদক অরূপ দাস, কর্মাধ্যক্ষ দেবাশিস চক্রবর্তী সহ কর্মীবৃন্দ। 

Comments :0

Login to leave a comment