বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ায় বিচারপতিদের দায়িত্ব ঠিক করতে সোমবার বিকেল পাঁচটায় হবে বৈঠক।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল আহুত বৈঠকে যোগ দিচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। অংশ নেবেন রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেও।
গত শুক্রবার সুপ্রিম কোর্ট রায় দেয় রাজ্যে ‘যুক্তিগ্রাহ্য অসঙ্গতি’ বা ‘ডিজিটাল ডিসক্রেপান্সি‘ পরীক্ষার কাজে নথি দেখতে কমিশনকে সহায়তা করবেন বিচারপতিরা। মুখ্যত জেলা বিচারপতিদের নিয়োগের জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানিয়েছিল শীর্ষ আদালত।
পরের দিন, গত শনিবার, হাইকোর্টের প্রধান বিচারপতি বৈঠক করেন মুখ্য সচিব, কমিশনের সিইও সহ শীর্ষ আধিকারিকদের নিয়ে।
প্রধান বিচারপতি প্রায় ২৫০ বিচারপতির নাম নির্দিষ্ট করেছেন। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন আদালতে বিচারপতিদের ৯ মার্চ পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে।
রাজ্যে দু’বার পিছিয়ে চূড়ান্ত ভোটার তালিকা ২৮ ফেব্রুয়ারি বের করার ঘোষণা করেছে সিইও দপ্তর। প্রথম পর্বে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে। দ্বিতীয় পর্বে যুক্তগ্রাহ্য অসঙ্গতির নামের বানানে ত্রুটি থেকে বিয়ের পর পদবি বদলের মতো বিষয়গুলিতে পাঠানো হয় নোটিশ। বিবাহিত মহিলাদের পদবি বদল নিয়েও নোটিশ যায়। ২০০২’র তালিকায় নাম রয়েছে এমন ভোটদাতাদেরও ডেকে পাঠানো হয়। বাবা-মায়ের সঙ্গে বয়সের ফারাককেও যুক্ত করা হয় নোটিশ পাঠানোর কারণের তালিকায়। ম্যাপিং প্রক্রিয়ায় প্রশ্ন তোলা যায়নি এমন এলাকায় গুচ্ছ গুচ্ছ নোটিশ পাঠানো হয় যুক্তিগ্রাহ্য অসঙ্গতির নামে। সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে শুনানি। জমা পড়েছে নথি। এবার তার ভিত্তিতে নথি পরীক্ষার কাজ শুরু হচ্ছে।
এসআইআর প্রক্রিয়া, বিশেষ করে রাজ্যে যুক্তিগ্রাহ্য সঙ্গতির নামে বিশেষ অংশগুলিকে বাদ দেওয়ার অভিযোগে সরব সিপিআই(এম)। যুক্তিগ্রাহ্য অসঙ্গতির কারণ দেখিয়ে নতুন করে ৬ লক্ষের বেশি নাম চিহ্নিত হয়েছে বলে এর আগে কমিশনের বিভিন্ন সূত্র জানায় সংবাদমাধ্যমে।
SIR High Court
যুক্তিগ্রাহ্য অসঙ্গতি পরীক্ষায় বিচারপতিরা, বৈঠক আজ বিকেলেই
×
Comments :0