Salim book launch

মহিলাদের স্বনির্ভর করতে চায় বামপন্থীরা, বললেন সেলিম

রাজ্য

সামনে বিধানসভা নির্বাচন তার আগে লক্ষীর ভান্ডার এবং বিজেপির অন্নপূর্ণা ভান্ডার নিয়ে চলছে তর্জা। দুই দলের এই তর্জা নিয়ে সাংবাদিক সম্মেলনে সরব হলেন সেলিম। সিপিআই(এম) রাজ্য সম্পাদক বলেন, ‘আমরা ডোল পলিটিক্স বলিনা। যারা দক্ষিণপন্থী তারা এই কথা বলে। এরাজ্যে মহিলাদের বঞ্চিত করা হয়েছে, তাদের আয় কমেছে। তাই তৃণমূল বিজেপি এই ধরনের প্রকল্প করে মন ভোলাতে চাইছে।’ 
তিনি বলেন, ‘তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়ি থেকে যেই টাকা বেরিয়েছে সেটা ভান্ডার। ওরা লুঠ করেছে ভান্ডার। বামপন্থীরা ক্ষমতায় এলে এর থেকে অনেক দিতে পারবে। কারণ দুর্নীতি বন্ধ করতে পারব আমরা। অনেক মহিলা এই লক্ষীর ভাণ্ডার পায় না। আমরা মানুষের অধিকার বোধ তৈরি করতে চাই।’ সাংবাদিকের করা প্রশ্নে সিপিআই(এম) রাজ্য সম্পাদক জানিয়েছেন এবার সিপিআই(এম) এর প্রার্থী তালিকায় মহিলা মুখ বাড়বে।
সেলিম বলেন, ‘এরাজ্যে বিজেপির সংস্কৃতি আমদানি করছে তৃণমূল।’ গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস শাড়ি পরা বন্ধ করে দেবে। সেলিম সেই প্রসঙ্গে বলেন, ‘আমাদের রাজ্যে তৃণমূলের পৌরসভা নির্দেশিকা দিয়ে বলেছে প্রকাশ্যে মাংস কাটা যাবে না। ব্রিগেডে প্যারিস বিক্রেতাকে মারা হয়েছে। বিজেপি যা করছে তৃণমূল তাই করছে। এরা মানুষকে ভয় দেখায়।’
দিল্লি এবং পশ্চিবঙ্গ সহ কয়েকটি রাজ্য থেকে পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তারের প্রসঙ্গে সেলিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালিন আন্তর্জাতিক মঞ্চে বলেছিলেন পাকিস্তান থেকে সন্ত্রাসবাদী আসছে ভারতে। এখন কেন আমাদের দেশে সেই সন্ত্রাসবাদী তৈরি হচ্ছে? এই রাজ্যে শুভেন্দু এবং মমতা মাওবাদীদের এনে এই কাজ শুরু করেছিল।’
গতকাল তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি দাবি করেন তাদের দলে বামপন্থী তরুণরা যোগ দিলে তাদের রাজনীতি করার সুযোগ তিনি করে দেবেন। সেই প্রসঙ্গে সিপিআই(এম) রাজ্য সম্পাদক বলেন, ‘অভিষেক নিজের লোককে সামলাতে পারে না। আমদের সবাই বিক্রি হয় না।’
এদিন সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাতের আত্মজীবনী মূলক লেখা ‘রীতা হয়ে ওঠা’ বইটি প্রকাশ করেন মহম্মদ সেলিম।

Comments :0

Login to leave a comment