অনিল কুণ্ডু: মন্দিরবাজার
বোনের জন্য খিচুড়ি আনতে গিয়ে শ্লীলতাহানির শিকার হল পঞ্চম শ্রেণির ছাত্রী এক নাবালিকা। সোমবার ঘটনাটি ঘটেছে মন্দিরবাজার থানা এলাকায়। এই ঘটনায় পরিবারের তরফে অভিযুক্তর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক হাসিন আব্দুল হালিম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতা ওই নাবালিকার মেডিকেল পরীক্ষা করা হয়েছে ডায়মন্ডহারবার মহকুমা হাসপাতালে।
ওই নাবালিকার পরিবারের অভিযোগ, স্থানীয় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পিছনে আইসিডিএস সেন্টার। বোনের জন্য খিচুড়ি আনতে গিয়েছিল ১০ বছরের ওই নাবালিকা। সেই সময় অভিযুক্ত ওই শিক্ষক নাবালিকাকে ডেকে নিয়ে যায় স্কুলের দোতলায় একটি ঘরে। সেখানে ওই নাবালিকার গোপনাঙ্গে হাত দিয়ে নোংরা কথা বলতে বলতে ধর্ষণ করার চেষ্টা করে প্রাথমিক বিদ্যায়ের ওই শিক্ষক। এই পরিস্থিতিতে কোনরকমে সেখান থেকে বাড়িতে এসে কাঁদতে থাকে। যন্ত্রণা করছে বলে জানায়। নির্যাতিতার কথা শুনে প্রতিবেশিদের জানানোয় তাঁরা স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে ঘটনার বিষয়ে জানতে চায়। ঘটনার খবর পেয়ে মন্দিরবাজার থানার পুলিশ স্কুল থেকে ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায়। নির্যাতিতার পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। নির্যাতিতা ওই নাবালিকার মেডিকেল পরীক্ষা করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে স্কুলের মধ্যে নাবালিকার শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় গ্রামবাসীরা। ধৃত শিক্ষকের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। এদিন নির্যাতিতা ওই পরিবারের সঙ্গে দেখা করেন প্রবীণ সিপিআই(এম) নেতা কান্তি গাঙ্গুলিসহ স্থানীয় পার্টি নেতৃত্ব। তাঁরা ধৃতর কঠোর শাস্তির দাবিতে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
Comments :0