মীর আফরোজ জামান: ঢাকা
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র জয়কে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি । দলের পলিট ব্যুরো এক বিবৃতিতে বলেছে যে ‘জনগণ যে রায় প্রদান করেছে তা জনগণের স্বস্তির ও সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারা সৃষ্টির মনোভাবকেই প্রকাশ করেছে।‘ বিবৃতিতে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
ওয়ার্কার্স পার্টি বলেছে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপাত সংকট মোকাবেলায় একটি ধাপ অতিক্রম করলেও আরও বড় রাজনৈতিক অর্থনৈতিক বিপদ বাড়বে।‘
বলা হয়েছে, ‘প্রথমতঃ সকল দলের অন্তভুক্তি মূলক অংশগ্রহণ না থাকার ফলে মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান ঘটেছে। পার্লামেন্টে তারা প্রধান বিরোধীদল হওয়ার ফলের সাম্প্রদায়িক রাজনীতির বাতাবরণ আরো বাড়বে। নির্বাচনে কালো টাকা সাম্প্রদায়িকা নৃশংসতার ফলে গণতান্ত্রিক চেতনার সংকটও বাড়বে।‘
বলা হয়েছে, ‘গত ১৮ মাসের অন্তবর্তী সরকার অবৈধ ভাবে সাম্রাজ্যবাদী শক্তিকে তুষ্ট করতে অপ্রকাশযোগ্য বাণিজ্য চুক্তি, সামরিক চুক্তির মধ্যদিয়ে দেশকে অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছে, দেশের সাধারণ জনগণের জীবন জীবিকা, আয় বৈষম্য ইতোমধ্যে সংকটে নিপতিত হয়েছে। অর্থনৈতিক অস্থিরতা নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে। সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী এই অস্থিরতার সুযোগ নেবে।’
ওয়ার্কার্স পার্টি বলেছে যে বিএনপি পরিচালিত সরকারের থেকে আশা করা হচ্ছে যে ‘সকল গণতান্ত্রিক দলের রাজনৈতিক অধিকার নিশ্চিত করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হবে‘। ওয়ার্কার্স পার্টির দাবি, ‘মিথ্যা মামলায় গ্রেপ্তার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মুক্তি সহ অন্যান্য রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শিল্পী, লেখক, সাহিত্যিক, সাংবাদিকদের মুক্তি দিতে হবে।
অসাম্প্রদায়িক গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করতে মুক্তিযুদ্ধ স্বাধীনতা চেতনায় বিশ্বাসী ও ‘৭২ এর সংবিধানকে রক্ষায় মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়েছে বিবৃতিতে।
Comments :0