Salim on BJP

কোনও সাম্প্রদায়িক শক্তিকে জায়গা দেবেন না মানুষ: সেলিম

রাজ্য কলকাতা

বিজেপি এবং তৃণমূল রাজ্যে বারবার বিভাজন তৈরি করছে। বামপন্থীরা লাগাতার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই করেছে। রাজ্যের মানুষ আর সাম্প্রদায়িক রাজনীতিকে জায়গা দিতে রাজি নন। বামপন্থীরা সম্প্রীতির ভিতে নতুন বাংলা গড়ার জন্য লড়ছে। 
বিজেপি’র পরিবর্তন যাত্রা প্রসঙ্গে সংবাদমাধ্যমের এক প্রশ্নে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রবিবার কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণ অনুষ্ঠানে সংবাদমাধ্যম প্রশ্ন করে তাঁকে।
গত শনিবার রাজ্যের একাধিক জায়গা থেকে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে বিজেপি। কোচবিহারে রাসমেলার মাঠ থেকে যাত্রার সূচনা করতে হাজির ছিলেন বিজেপি’র জাতীয় সভাপতি নীতিন নবীন।   
এই প্রসঙ্গেই সেলিম বলেন, ‘‘মানুষ একবার পরিবর্তন দেখেছে। যাঁরা সেদিন বামফ্রন্টকে হটানোর কথা বলতেন আজকে তাঁরাই অনেকে বুঝছেন খুব অন্যায় হয়ে গিয়েছে। এঁদের অনেকে এখন মুখ লুকিয়েছেন। তখন তাঁদের দেখ যেত হোর্ডিংয়ে।’’  
সেলিমের সংযোজন, ‘‘রথযাত্রার আমরা বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির সময় দেখেছি। গোটা দেশে দাঙ্গার পরিস্থিতি হয়েছে। দেশের ৩৬৫ জেলায় দাঙ্গা হয়েছিল। আজকে সেই পরিস্থিতি করতে চাইছে বিজেপি। মমতা ব্যানার্জিও সেটিই চাইছেন।’’ সেলিম বলেন, ‘‘আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই করছি। আর বিজেপি-তৃণমূল বিভাজনের রাজনীতি টেনে আনতে চাইছে বারবার। আজকে মানুষ বলছেন কোনও সাম্প্রদায়িক শক্তিকে আমরা বাংলায় জায়গা দেব না। ভাঙা বুকের পাঁজর দিয়ে নতুন বাংলা গড়ব। সেই বাংলা কোনও হিন্দু বা মুসলিমান কারও আলাদা নয় নয়। বিজেপি বা তৃণমূলের কোনও নাটক চলবে না।’’ 
বামফ্রন্টের প্রার্থী তালিকা নিয়ে প্রশ্ন করা হয় সেলিমকে। তিনি বলেন, ‘‘বামফ্রন্টের বৈঠক হয়েছে শনিবার। ছয় ভাগের পাঁচ ভাগ আসনে সমঝোতা করে নিয়েছি।’’ আলোচনার সারাংশ তুলে ধরে তিনি বলেন, ‘‘বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়তে পারে এমন বিভিন্ন শক্তি, মহিলাদের মধ্যে কাজ করছে, আদিবাসী তপসিলিদের মধ্যে কাজ করছে, এমন বিভিন্ন শক্তির সঙ্গেও কথা বলছি আমরা। ৬ ভাগের ৫ ভাগ যখন করতে পেরেছি বাকিটাও করব। বিজেপি-তৃণমূলের আগেই প্রার্থী তালিকা ঘোষণা করবে বামফ্রন্ট এবং সহযোগীরা।’’ 
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘যারা ভাগাভাগির রাজনীতির পক্ষে থাকবে না তারা সবাই থাকবে বামপন্থীদের সঙ্গে।’’

Comments :0

Login to leave a comment