FIFA

বিশ্বকাপের মুনাফা বিক্রির প্রস্তাব থেকে দুরত্ব ওয়েঙ্গারের

খেলা

ফিফার ভবিষ্যতের বিশ্বকাপের মুনাফার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত প্রস্তাব থেকে নিজেকে আলাদা রাখলেন আর্সেন ওয়েঙ্গার। ফিফার চিফ অব গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট  ওয়েঙ্গারের দাবি, এই পরিকল্পনার সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত ছিলেন না। তিনি বলেন, প্রস্তাবটি প্রত্যাহার করাই ছিল ঠিক সিদ্ধান্ত।
মঙ্গলবার এক বিবৃতিতে প্রাক্তন আর্সেনাল কোচ বলেন, ‘আমি এই কৌশলগত পরিকল্পনার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলাম না। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই প্রথম এই প্রকল্পের কথা জানতে পারি।’ উয়েফার আইনজীবীরা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পাঠানো একটি চিঠিতে ওয়েঙ্গারের নাম-সহ ১৮ জন ফিফা আধিকারিকের তথ্য ও যোগাযোগ সংরক্ষণ করার দাবি জানিয়েছেন। সম্ভাব্য আইনি প্রক্রিয়ায় সেগুলি প্রমাণ হিসাবে ব্যবহার করা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। এইরকম একটি মসয়ে ওয়েঙ্গার এই মন্তব্য করলেন।
ওয়েঙ্গার অবশ্য স্পষ্ট ভাষায় জানান, ‘এই প্রকল্প প্রত্যাহারের সিদ্ধান্ত একেবারেই প্রয়োজনীয় ছিল। এ নিয়ে কোনও প্রশ্নই ওঠে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফিফা একটি স্বাধীন সংস্থা হিসাবে প্রতিশ্রুতি, স্বচ্ছতা এবং সততার সঙ্গে বিশ্ব ফুটবলের সেবা করবে।’
যদিও নিজের বিবৃতিতে তিনি কোথাও ফিফা সভাপতি ইনফান্তিনোর নাম উল্লেখ করেননি। ফিফা ভবিষ্যতের বিশ্বকাপ থেকে সম্ভাব্য আয়ের অংশীদারিত্ব বিক্রি করে প্রায় ২০০০ কোটি মার্কিন ডলার তোলার পরিকল্পনা করেছিল। কিন্তু এই প্রস্তাব প্রকাশ্যে আসার পর বিশ্ব ফুটবল মহলে তীব্র বিরোধিতা শুরু হয়। বিশেষ করে উয়েফা কড়া অবস্থান নিয়ে জানায়, প্রস্তাব প্রত্যাহার না করা হলে তারা ফিফার প্রতিযোগিতা বয়কটের পথেও হাঁটতে পারে। সেই চাপের মুখেই গত শনিবার ইনফান্তিনো বিতর্কিত প্রস্তাবটি প্রত্যাহার করে নেন।

Comments :0

Login to leave a comment