একধাক্কায় ৩০ এর ঘরে পৌঁছালো শহরের সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা পেরিয়ে গিয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফেব্রুয়ারির শেষের দিকে আরও বাড়বে তাপমাত্রা।
পুরুলিয়া এবং জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছাপিয়ে গিয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারও কলকাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৭ থেকে ৩০ ডিগ্রির মধ্যেই থাকবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪ দিন কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে।
আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় সর্বনিম্ন তাপমাত্রায় আপাতত কোনও হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে রয়েছে নিম্নচাপ। তা ক্রমে শক্তি বৃদ্ধি করে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে।
Comments :0