বিকল্প পুনর্বাসন ছাড়া একটি মানুষকেও উচ্ছেদ করা চলবে না এই দাবিতে রাজ্য জুড়ে সিপিআই(এম) ধারাবাহিক আন্দোলনে রয়েছে। শিলিগুড়িতে সিপিআই(এম) ২নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে উচ্ছেদ বিরোধী প্রচারও অব্যাহত। মঙ্গলবার সিপিআই(এম) ২নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি ৪, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ন অংশে রেলের অব্যহৃত জমিতে বসবাসকারী মানুষদের মধ্যে উচ্ছেদ বিরোধী প্রচার চলে। বিজেপি সরকারের বুলডোজার রাজনীতি ও উচ্ছেদের বিরুদ্ধে গরিব মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। শিলিগুড়ি শহরে দীর্ঘ বছর ধরে রেলের অব্যবহৃত জমিতে যারা বসবাস করছেন সেই সমস্ত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ জারি হতেই সাধারণ গরিব মানুষের মধ্যে ভয়ভীতি ও প্রবল অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিন শিলিগুড়ি শহরের ৪ নম্বর ওয়ার্ডের কুমোরটুলি, আদর্শনগরের একাংশ, ৬নম্বর ওয়ার্ডের ডাঙ্গিপাড়া, ডাঙ্গিপাড়া রেললাইন, ফকিরটোলা, ৭নম্বর ওয়ার্ডের স্বামীনগর কলোনি এলাকায় রেলের অব্যবহৃত জমিতে দীর্ঘ প্রায় ৩০/৪০বছর ধরে হাজার হাজার মানুষ বসবাস করছেন। দিন আনা দিন খাওয়া মানুষজন। কেউ বা টোটো চালক, কেউ ছোট মিস্ত্রি, কারো আবার রাস্তার ধারে ছোট্ট দোকান। বিজেপি সরকারের রাজ্য জুড়ে হকার উচ্ছেদের অমানবিক দৃশ্য চোখের সামনে আসতেই উচ্ছেদের আতঙ্কে ভুগছেন এই সমস্ত গরীব খেটে খাওয়া মানুষ। ভরত প্রধান, মহম্মদ নজরুল, মহাবীর দাস পূজা কর্মকার, জ্যোৎস্না সরকার সহ এলাকার আতঙ্কিত মানুষজন সিপিআই(এম) নেতৃবৃন্দের কাছ জানান, সরকারি কর্মীর পরিচয় দিয়ে এলাকার প্রতিটি বাড়িতে সার্ভের কাজ চলছে। তাতে আরও বেশী ভয় অনিশ্চয়তার মধ্যে পড়েছি আমরা। পুর্নবাসন ছাড়া গরীব সাধারণ মানুষদের উচ্ছেদের চেষ্টা হলে সিপিআই(এম)’র পক্ষ থেকে বড় আন্দোলন গড়ে তোলা হবে এদিন আতঙ্কিত মানুষদের পাশে দাঁড়িয়ে অভয় দিয়েছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। ছিলেন শিলিগুড়ি সিপিআই(এম) ২নম্বর এরিয়া কমিটির সম্পাদক সৌরভ সরকার, তানিয়া দে, আমানত আলি, বুলবুল চ্যাটার্জি, দেবাশীষ দত্ত, মুনমুন ভৌমিক সহ অন্যান্যরা।
Siliguri
উচ্ছেদ বিরোধী প্রচার শিলিগুড়িতে
×
Comments :0