বই পড়ার চর্চাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
কলকাতায় দুই মার্কসীয় ও প্রগতিশীল বই বিক্রয় কেন্দ্র উদ্বোধন করে এ কথা বলেছেন প্রবীণ সিপিআই(এম) নেতা ও বামফ্রন্ট সভাপতি বিমান বসু।
বৃহস্পতিবার জোড়াসাঁকো-১ এরিয়া কমিটি ও শ্যামপুকুর-১ এরিয়া কমিটির উদ্যোগে কলেজ স্কোয়ার ও বাগবাজার স্ট্রিটের সামনে প্রতি বছরের মতো মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বুক স্টলের আয়োজন করা হয়েছে।
এদিন এই দুই বুক স্টলে বিমান বসুর সঙ্গে ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য অনাদি সাহু, রাজ্য কমিটির সদস্য তরুণ ব্যানার্জি, কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রাহুল ভট্টাচার্য, সংগ্রাম চ্যাটার্জি সহ নেতৃবৃন্দ।
স্মৃতি চারণায় বিমান বসু জানিয়েছেন, ১৯৫২ সালে বাগবাজার ও পার্ক সার্কাস এলাকায় বুক স্টল শুরু করে ন্যাশনাল বুক এজেন্সি। তারপর থেকেই কলকাতা জুড়ে বুক স্টল শুরু হয়।
উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে বলেছেন বিমান বসু বলেছেন, "বই সমাজ জীবন ও ব্যক্তি জীবনে ভূমিকা রাখে। তাই বই পড়ুন, পড়ার অভ্যাস করুন ও বই উপহার দিন। এই অভ্যাসের জন্য সারা বছর বিভিন্ন সময় বুক স্টল করি। যেখানে মানুষের সমাগম হয় সেখানেই বইয়ের দোকান করা হয়। সমকালীন সময় দেশ বিদেশ সম্পর্কে ধারণা তৈরি করতে বই পড়তে হয়।"
কলেজ স্কোয়ারে বই বিক্রয় কেন্দ্রে 'ভারত ভাবনা' বলে আলাদা একটি অংশ করা হয়েছে। ভারতের ঐক্য-সংহতি নষ্ট করতে চায় বিজেপি-আরএসএস। মতাদর্শগত ভাবে তার সঙ্গে লড়াই করতে হবে। সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে এই বিশেষ অংশ রাখা হয়েছে বলে জানিয়েছে উদ্যোক্তারা। এছাড়াও ছোটদের জন্য শিশু কিশোর সাহিত্য বলেও আলাদা একটি অংশ রয়েছে।
Comments :0