Chingrighata Flyover Accident

রিল বানাতে গিয়ে ফ্লাইওভারে দুর্ঘটনা, দাবি পুলিশ কমিশনারের

রাজ্য কলকাতা

সৌন্দর্যায়নের নামে ব্যস্ত উড়ালপুলে রামধনু রং বুধবার বৃষ্টির জলে ধুয়ে যাওয়ার পর চিংড়িহাটা উড়ালপুলে একাধিক মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হন বেশ কিছু বাইক আরোহী। উড়ালপুলের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুর্ঘটনার ছবি। দুর্ঘটনার প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। চিংড়িহাটা উড়ালপুলে রঙ করার জন্যই বাইকের চাকা পিছলে গিয়েছে, এমন কোনও প্রমাণ মেলেনি। বৃহস্পতিবার লালবাজারে ‘বন্ধু কলকাতা’র সূচনা অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটা দাবি করলেন পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি জানিয়েছেন, বাইক চালাতে চালাতে রিল তৈরি করার চেষ্টা চলছিল কিনা সেটি খতিয়ে দেখবে পুলিশ। এখনও পর্যন্ত নাকি দুর্ঘটনার কারণ নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। দুর্ঘটনা এড়াতে পুলিশ ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছে। আগামী দিনে বৃষ্টি হলে ওই উড়ালপুলে বাইক চলাচলে রাশ টানা হতে পারে। 
অজয় নন্দা বলেছেন, ‘ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, রাস্তায় যে রঙ করা হয়েছে, তা পিছলরোধী (অ্যান্টিস্কিড)। মোটরসাইকেলগুলি যে রঙের জন্যই পড়ে গিয়েছে, তার কোনও প্রমাণ নেই। বৃষ্টি হচ্ছিল। আমরা জানতে পেরেছি, মোটরসাইকেলে কিছু ভিডিও বানানোর চেষ্টা চলছিল। গাড়ি চালাতে চালাতে অনেকে রিল বানান। তা থেকেও কিন্তু কেউ ভারসাম্য হারাতে পারেন। কী জন্য কী হয়েছে, আমরা দেখছি। ক্যাট্‌স আই বসানো হয়েছে। ‘গো স্লো’ লাগানো হয়েছে।’
এখানেই শেষ নয়, যে সমস্ত উড়ালপুলে তীক্ষ্ণ বাঁক রয়েছে, সেখানে বৃষ্টির পর এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেছেন পুলিশ কমিশনার। সেই অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে। ওই অংশগুলিতে গাড়ির গতি যাতে কমিয়ে দেওয়া হয়, তার ব্যবস্থা করা হয়েছে। ‘ক্যাট্‌স আই’ লাগানো হয়েছে, যাতে পথ কিছুটা অমসৃণ থাকে। এই পরিস্থিতিতে বৃষ্টির সময় নিরাপত্তার কারণে উড়ালপুলগুলিতে বাইক চলাচল বন্ধ রাখা হতে পারে। 
বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া হঠাৎ করে উড়ালপুল রাঙাতে গিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনা আদৌ রঙের জন্য হয়নি বলে বুধবার মুখ্যমন্ত্রী এবং উচ্চ শিক্ষামন্ত্রীর মন্তব্যের পর কলকাতা পুলিশের কমিশনার এদিন এই বিষয়ে মুখ খুললেন।

Comments :0

Login to leave a comment