Kranti

মদ বিক্রি বন্ধের দাবিতে প্রশাসনের দ্বারস্থ ক্রান্তি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

জেলা

এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি মদের কারবার। এর জেরে নষ্ট হচ্ছে যুবসমাজ, বিঘ্নিত হচ্ছে পঠনপাঠন। এই পরিস্থিতিতে অবৈধ মদ বিক্রি অবিলম্বে বন্ধের দাবিতে বৃহস্পতিবার ক্রান্তি আউটপোস্ট এবং ক্রান্তি বিডিও অফিসে লিখিত অভিযোগপত্র জমা দিলেন লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর ঝাড়মাটিয়ালি এলাকার স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ২০০ মহিলা।
আন্দোলনকারী মহিলাদের অভিযোগ, উত্তর ঝাড়মাটিয়ালি-সহ সংলগ্ন একাধিক এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনি মদের ঠেক চলছে। বারংবার বারণ করা সত্ত্বেও কারবারিরা কর্ণপাত করেনি, উল্টে মদের ব্যবসা আরও জাঁকিয়ে বসেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, চেংমারী হরেন্দ্রনাথ হাইস্কুল এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের একেবারে পাশেই চলছে এই অবৈধ কারবার। স্কুলপড়ুয়া ও অল্পবয়সী যুবকদের মধ্যে নেশার প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক পরিবেশ কলুষিত হচ্ছে, বাড়ছে পারিবারিক অশান্তিও।
এদিন মহিলারা সংঘবদ্ধ হয়ে প্রশাসনের দ্বারস্থ হন এবং স্মারকলিপি জমা দিয়ে দ্রুত কঠোর পদক্ষেপের দাবি জানান। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে এই বেআইনি ব্যবসা বন্ধ না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। এখন দেখার, স্বনির্ভর গোষ্ঠীর এই প্রতিবাদের পর পুলিশ ও ব্লক প্রশাসন মদের ঠেক রুখতে কতটা সক্রিয় ভূমিকা নেয়।

Comments :0

Login to leave a comment