Aishe detained once again by Delhi Police

'রোজ আন্দোলন করব‘, বললেন দিল্লি পুলিশের হাতে ফের আটক ঐশীরা

জাতীয়

‘আমরা রোজ রাস্তায় নেমে আন্দোলন করবো, দিল্লি পুলিশ আমাদের কতদিন আটকাবে?‘ 
দিল্লি পুলিশের ঘেরাটোপ থেকেই এ কথা বললেন এসএফআই'র সর্বভারতীয় যুগ্ম-সম্পাদক ঐশী ঘোষ। রবিবার রাতে ঐশী সহ একাধিক আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ। 
রবিবার দিল্লির কনট প্লেসে তিরঙ্গা নিয়ে মিছিল করার সময়েই তাদের আটক করে পুলিশ। আটক করে নিয়ে যাওয়ার সময় ফেসবুক লাইভ করে একথা বলেন ঐশী ঘোষ।  এসএফআই'র অভিযোগ ছাত্রীদের যে বাসে রয়েছে সেই বাস অন্ধকার এবং সেখানে পুরুষ পুলিশকর্মীরা রয়েছেন। 
এর আগে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঐশী বলেন, "আমাদের দেশে এবং রাজধানীতে তে কি চলছে তা আমাদের সামনে এসেছে। দিল্লি, গুরগাঁওয়ের মতো জায়গায় এই অবস্থা তৈরী হয়েছে যে পুলিশের সামনে এই ধরনের অবস্থা চলছে। আইন-কানুন রক্ষার স্বার্থে পুলিশ কাজ করছে একথা তো বলতে পারবে না। কারণ, আইন-কানুন মেনে তো দিল্লি পুলিশ কাজ করছে না।"  


ঐশী বলেন, আরও একটি ঘটনা আমি হাইলাইট করতে চাই যে এক নাবালক ও নাবালিকা যারা কালকে দক্ষিণপন্থী গুন্ডাদের হাতে নিগৃহীত হয়েছে, ক্যামেরার সামনে তাদের জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, এই ঘটনা মেনে নেওয়া যায়না। এর আগে, বিজেপি'র জাতীয় সভাপতি নীতীন নবীন বলেছিলেন, আন্দোলনকারীদের শায়েস্তা করার ক্ষমতা আমাদের আছে। আর কালকে আন্দোলনের আগে একদল সন্ত্রাসবাদীকে নামানো হলো, যারা সামাজিক মাধ্যমে বলেছিল যে যদি কোনও প্রতিবাদীকে রাস্তায় দেখা যায় তাহলে তাদের শায়েস্তা করা হবে। বিজেপি’র নেতারা যা বলছে এবং যে ঘটনাটি যা ঘটেছে, তার মধ্যে কোনও পার্থক্য নেই।


তিনি আরও বলেন, আমরা দেখছি যে ভোট চুরি হয়েছে। আমরা যে কথা বলে আসছি যে সরকারের অবস্থা ভালো নয়। কারণ, সরকার বুঝে গিয়েছে যে তাদের লুকোনো সত্যি জনতার সামনে চলে এসেছে। রাস্তায় মানুষ প্রতিবাদে নামছে কারণ তাদের এই বিষয়ে ক্ষোভ রয়েছে। এক সময় সরকারের বিরুদ্ধে কথা বলতে জনতা ভয় পেত কারণ তারা ভাবত যে সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। কিন্তু এখন বিষয়টা উল্টে গেছে, সরকার জনতাকে ভয় পাচ্ছে। এতটাই ভয় পাচ্ছে যে তারা আমাদের দমানো, থামানোর চেষ্টা করছে। তারা সাংবাদিকদেরও তাদের কাজ করা থেকে বিরত রাখার চেষ্টা করছে। এমনকি, আইনজীবীরা যখন মিছিল করছে তখনও তাদের কিভাবে মারা হয়েছে তাও দেখা গিয়েছে। 
ঐশী আরও বলেন, ওরা ‘গণতন্ত্র’ শব্দের মানে বোঝে না। ওরা যদি দেশকে নিজেদের সম্পত্তি বলে মনে করা তাহলে আমরা বলতে চাই যে দেশ ওদের সম্পত্তি নয়,এই দেশ সংবিধান অনুসারে চলে, দিল্লি পুলিশ আর আরএসএস’র শাখার নিয়ম অনুসারে চলতে পারে না।

Comments :0

Login to leave a comment