Student Dies

আইআইআইটি’র ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, পড়ুয়াদের বিক্ষোভ রাঁচিতে

জাতীয়

ঝাড়খণ্ডের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি  রাঁচি’র হোস্টেলের ঘর থেকে আদিত্য কুমার নামে এক প্রথম বর্ষের বিটেক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত ছাত্রটি বিহারের পূর্ণিয়া জেলার বাসিন্দা ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাস চত্বরে চরম উত্তেজনা ও পড়ুয়াদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
রবিবার পুলিশ জানিয়েছে শনিবার রাতে হোস্টেলের আবাসিকরা ভেতর থেকে আদিত্যের ঘর বন্ধ দেখতে পায়। তাঁরা কর্তৃপক্ষকে বিষয়টি জানালে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পড়ুয়াদের অভিযোগ,  ঘটনার সময় প্রতিষ্ঠানের জরুরি ব্যবস্থা সম্পূর্ণ অচল ছিল। তাদের বক্তব্য,  রাত প্রায় ১১টা নাগাদ আদিত্যকে তার ঘরের দরজা ভেঙে নিচে নামানো হয়। তখনও তার শ্বাস চলছিল। হোস্টেলের লিফট অচল থাকায় তাকে সিঁড়ি দিয়ে নিচে নামাতে হয়েছিল। এই সময়ে পড়ুয়ারা নিজেরাই সিপিআর দিয়ে আদিত্যোর জীবন বাঁচানোর চেষ্টা করেছিল। তারা প্রতিষ্ঠানের পরিচালক ও অ্যাকাডেমিক ডিনের পদত্যাগ এবং গাফিলতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। গাফিলতির অভিযোগ তুলে পড়ুয়ারা হোস্টেল ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান পরীক্ষার চাপে সে আত্মহত্যা করেছে। গত ৮ অক্টোবর পরীক্ষা শুরু হয়েছিল। আদিত্য কুমার প্রথম বর্ষের পড়ুয়া ছিল। তার বয়স ছিল ১৯ থেকে ২০ বছরের মধ্যে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Comments :0

Login to leave a comment